২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিদুর্গত ২০ হাজার শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক উপকরণ দেবে ছাত্রলীগ

ঘূর্ণিদুর্গত এলাকার ২০ হাজার শিক্ষার্থীকে একটি করে খাতা ও কলম দেবে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ছাত্রলীগের এই শিক্ষা সহায়ক কর্মসূচীর উদ্বোধন করেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 01:07 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিদুর্গত এলাকার ২০ হাজার শিক্ষার্থীকে একটি করে খাতা ও কলম দেবে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ছাত্রলীগের এই শিক্ষা সহায়ক কর্মসূচীর উদ্বোধন করেন । আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। এই কর্মসুচীর আওতায় ঘূর্ণিদুর্গত এলাকার শিক্ষার্থীদের মধ্যে একটা করে খাতা ও কলম বিতরণের জন্য ছাত্রলীগ জিল্লুর রহমানের হাতে বেশ কিছু শিক্ষা উপকরণ তুলে দেয়। অনুষ্ঠানে দলটির ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ত্রাণ কার্যক্রমে অংশ গ্রহণের জন্য আবারো শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন। জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনা আমাদের পাশে থাকলে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম আরো দ্রুত হতো। আওয়ামী লীগ এখনো যা করে যাচ্ছে তা শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশে করে যাচ্ছে।" অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "আমরা ২০ হাজার ছাত্র-ছাত্রীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছি।" জিল্লুর রহমান বলেন, "সরকারও যেখানে ত্রাণ পৌঁছাতে পারেনি আওয়ামী লীগের নেতা-কর্মীরা সীমিত আকারে হলেও সেসব জায়গায় ত্রাণ বিতরণ করেছে। যদিও প্রয়োজনের তুলনায় আমাদের সাহায্য কম। কিন্তু, আমাদের প্রচেষ্টাটাই বড় কথা।" নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, "৯৮ এর বন্যার পর একটা জিনিসের দামও বাড়েনি।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী জাতিসংঘের জলবায়ু বিষয়ক বালি সম্মেলনের বিষয়ে বলেন, "একটি আন্তর্জাতিক সম্মেলন থেকে যা আদায় করার কথা বাংলাদেশ তা পারেনি। ওই সম্মেলনে বাংলাদেশ তার দর কষাকষির জায়গাটাও ছেড়ে দিয়ে চলে এসেছে।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "ছাত্রলীগ শুধু ছাত্রসংগঠন নয়। জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে অতীতে ছাত্রলীগ বিভিন্ন আন্দোলনে অবতীর্ণ হয়েছে। আশাকরি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান বলেন, "আওয়ামী লীগ সামাজিক দায়বদ্ধতা থেকেই ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে।" অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান, মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপু মণি ও উপ-দপ্তর সম্পাদক বি এম মোজাম্মেল হক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএআর/এমএ/১৮৫৫ঘ.