ইসলামী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে বুধবার ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের দুলাল ক্যান্টিন নামে একটি দোকানে এ সংঘর্ষ হয়। ক্যান্টিনে চেয়ারে বসা নিয়ে ছাত্রদল কর্মী মিঠু ও নাদিম এবং ছাত্রলীগ কর্মী দেবব্রত বিশ্বাসের প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিঠু ক্যান্টিন থেকে বেরিয়ে তার কয়েকজন বন্ধুকে নিয়ে আসে এবং দেবব্রতকে ধাক্কা দেয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া করে।
ওই সময় সাংবাদিকরাসহ বহু ছাত্র ঘটনাস্থলে ছিল।
ধাওয়া-ধাওয়ির খবর পেয়ে প্রক্টর ড. একেএম মতিনুর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রুহুল আমিন ঘটনাস্থলে এসে দুই পক্ষকে শান্ত করেন। পরে দুপুরে প্রক্টরের কার্যালয়ে তার উপস্থিতিতে দুই সংগঠনের নেতারা সমঝোতা ভেঠক করেন।
বৈঠক শেষে প্রক্টর মতিনুর রহমান সাংবাকিদের বলেন, "উভয় সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সমস্যার সমাধান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে লিপ্ত হবে না বলে তারা প্রতিশ্র"তি দিয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫২ ঘ.
bdnews24