২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষকদের মুক্তি: উভয় পক্ষের জন্য সম্মানজনক চায় সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মুক্তির প্রশ্নে সরকার 'উভয় পক্ষের জন্য সম্মানজনক' একটি সমাধান চায় বলে জানিয়েছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মুক্তির প্রশ্নে সরকার 'উভয় পক্ষের জন্য সম্মানজনক' একটি সমাধান চায় বলে জানিয়েছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। আসন্ন ঈদের আগে তাদের মুক্তি হতে পারে কিনা এ ব্যাপারে উপদেষ্টা কিছু বলতে পারেননি। মঙ্গলবার সচিবালয়ে ঈদের আগে শিক্ষকদের মুক্তির সম্ভাবনা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, "এ সংক্রান্ত কোন কমিটি বা আলোচনায় আমি নেই। তাই বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে শিক্ষা উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি'র মধ্যে আলোচনা চলছে। তারাই জানেন বিষয়টি কি পর্যায়ে রয়েছে। তবে আমরা চাইছি আইনী প্রক্রিয়ার মাধ্যমে উভয় পক্ষের জন্য সম্মানজনক একটি সমাধান।" ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, "শাস্তি না হলে ক্ষমা বা মুক্তি চাওয়ার কোন সুযোগ নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্ত্রীরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তাই রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন। রাষ্ট্রপতি ইচ্ছা করলে তা করতে পারেন। এভাবে তাদের মুক্তিলাভের বিষয়টি উভয়পক্ষের জন্য সম্মানজনক সমাধান বলে আমি মনে করি।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষমা করার উদ্যোগের কারণ সম্পর্কে তিনি বলেন, "শিক্ষক সমিতির নেতা অধ্যাপক আনোয়ার হোসেন ইতোমধ্যেই ক্ষমা চেয়েছেন। তাই এ ব্যাপারে উদ্যোগ নেয়া যেতেই পারে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৫৫ঘ.