২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের রায়কে চ্যালেঞ্জ করার মতো কিছু নেই: রাবি উপাচার্য

ছাত্র বিক্ষোভে উস্কানির মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজা পাওয়া চার শিক্ষকের পক্ষে উচ্চ আদালতে আপিল করবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাবি উপাচার্য বলেছেন, আদালতের রায়কে চ্যালেঞ্জ করার মতো কিছু আছে বলে তিনি মনে করেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

রাজশাহী, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভে উস্কানির মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজা পাওয়া চার শিক্ষকের পক্ষে উচ্চ আদালতে আপিল করবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাবি উপাচার্য বলেছেন, আদালতের রায়কে চ্যালেঞ্জ করার মতো কিছু আছে বলে তিনি মনে করেন না। উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেন মঙ্গলবার সাংবাদিকদের জানান, উচ্চ আদালতে যাওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। তিনি বলেন, "অনেক অপেক্ষার পর আদালত যে রায় দিয়েছেন আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার মতো কিছু আছে বলেও আমি মনে করি না।" ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত চার শিক্ষকের চাকরি থাকবে কিনা এ ব্যাপারে জানতে চাইলে উপাচার্য বলেন, "রায়ের কপি হাতে পেলে সিন্ডিকেট এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।" এদিকে রায় ঘোষণার পর রাবির গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতি অধ্যাপক খাদেমুল ইসলামের সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আমি খুব ব্যথিত। আনুষ্ঠানিকভাবে এখন কিছু বলতে পারবো না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২০৫৫ ঘ.