২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিটার ব্যবহার করতে না দেওয়ায় বিএম কলেজ হোস্টেলে ছাত্রী বিক্ষোভ

ডায়নিংয়ে খাবারের দাম বাড়ানোয় এবং হিটার ব্যবহার করতে না দেওয়ায় সরকারি ব্রজমোহন (বিএম) বিশ্ববিদ্যালয় কলেজের ড. বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে রোববার রাতে বিক্ষোভ করেছে ছাত্রীরা। হোস্টেল সুপারের অপসারণও দাবি করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 06:10 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

বরিশাল, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ডায়নিংয়ে খাবারের দাম বাড়ানোয় এবং হিটার ব্যবহার করতে না দেওয়ায় সরকারি ব্রজমোহন (বিএম) বিশ্ববিদ্যালয় কলেজের ড. বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে রোববার রাতে বিক্ষোভ করেছে ছাত্রীরা। হোস্টেল সুপারের অপসারণও দাবি করেছে তারা। হোস্টেলের একজন ছাত্রী টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডায়নিংয়ের প্রতি মিল খাবার ২৩ টাকা থেকে বাড়িয়ে ২৯ টাকা করায় ছাত্রীরা নিজেদের কক্ষে হিটার ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাতে বাধা দেওয়ায় রোববার রাত ১০ টার দিকে তারা বিক্ষোভ শুরু করে। বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজউদ্দীন আহম্মেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খাবার সমস্যা নিয়ে ছাত্রীরা বিক্ষোভ করছে। খাবারের মান খারাপ এই অজুহাতে তারা হোস্টেলে হিটার ব্যবহার করতে চায়। আমি হোস্টেল সুপারের মাধ্যমে তাদের জানিয়েছি, সোমবার তাদের সমস্যার কথা শুনব।" কোতয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) হায়াতুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হোস্টেল সুপার ছাত্রীদের হিটার ব্যবহার করতে নিষেধ করলে ছাত্রীরা হেস্টেলের ভেতরে বিক্ষোভ শুরু করে। কলেজ কর্তৃপক্ষ থানায় খবর দিলে হোস্টেল গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। হায়াতুল ইসলাম আরো বলেন, "হোস্টেল সুপার অনুমতি ছাড়াই ছাত্রীদের কক্ষে ঢুকে হিটার খুলে নিয়ে এসেছে বলে অভিযোগ করেছে কয়েকজন ছাত্রী।" হোস্টেলের গেটের ভেতর থেকে ছাত্রীরা বাইরে অবস্থানরত সাংবাদিকদের বলেন, সমস্যার সমাধান ও সুপারের অপসারণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০০২ ঘ.