২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও বরিশালে বার্ষিক পরীক্ষা এক মাস পিছালো

খুলনা ও বরিশাল বিভাগের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার বার্ষিক পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশ অনুযায়ী ২৪ নভেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে এ দুটি বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 02:55 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খুলনা ও বরিশাল বিভাগের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার বার্ষিক পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশ অনুযায়ী ২৪ নভেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে এ দুটি বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হবে। একইসঙ্গে জুনিয়র বৃত্তি পরীক্ষা পিছিয়ে ৮ ও ৯ জানুয়ারি নেওয়া হয়েছে। এ পরীক্ষার নির্ধারিত সময়সূচি ছিল ১০ ও ১১ ডিসেম্বর। এছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে ১৭ ও ১৮ ডিসেম্বর। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মোমতাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, " খুলনা ও বরিশাল বিভাগের স্কুল ও মাদ্রাসার বার্ষিক পরীক্ষা ২৬ ডিসেম্বর পর্যন্ত পিছানো হয়েছে। তবে কোনও শিক্ষা প্রতিষ্ঠান ইচ্ছা করলে আগেও পরীক্ষা নিতে পারবে।" মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সময়সূচি অনুসারে ৬ জানুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। পরীক্ষা ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা। তবে এটাও পুনর্নির্ধারণ করার জন্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে। এ পরীক্ষা পিছানো হবে কিনা জানতে চাইলে শিক্ষা সচিব জানান, তিন দিন পর আন্তঃবোর্ড কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী উপকূলীয় জেলাগুলোতে সিডরের আঘাতে ৩৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান। এ ৯৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ১৫ কোটি ৩৯ লাখ ৩ হাজার টাকা। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখও চলছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। শিক্ষা সচিব মো. মোমতাজুল ইসলাম জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৫৪১টি শিক্ষা প্রতিষ্ঠান পুনর্নির্মাণ ও মেরামতের জন্য ৪২ কোটি ৪৩ লাখ টাকার একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএসবি/এমএ/২০৩৫ ঘ.