রাজশাহী, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-বিক্ষোভের সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় তদন্ত কর্মকর্তাসহ আরো দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য নেয়া হয়েছে।
মঙ্গলবার রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের আদালতে সাক্ষ্য দেন মতিহার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফেরদৗস আহমেদ এবং তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেন। এনিয়ে এ মামলার ২০ জনের সাক্ষ্য নেয়া হলো।
আদালত বুধবার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছে।
এদিকে, ছাত্র বিক্ষোভে উস্কানির অভিযোগে ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণের দ্বাদশ দিনে একই আদালতে আসামি সনাক্তকরণের কথা ছিল। কিন্তু বাদ পড়া সাক্ষী দৈনিক সমকালের রাজশাহীর ফটোসাংবাদিক জাবিদ অপুকে হাজির করে আদালতের কাছে তার সাক্ষ্য নেয়ার আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করে বুধবার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করে।
দুই মামলার আসামি রাবির আট শিক্ষককে এদিনও কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গাড়ি পোড়ানোর ঘটনায় গত ২৩ আগস্ট মতিহার থানায় মামলাটি দায়ের করেন ডিজিএফআইয়ের সহকারী পরিচালক শতকত আলী। মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন গত ১ সেপ্টেম্বর ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল ও গোলাম সাব্বির সাত্তার তাপুসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ছাত্র-বিক্ষোভে উস্কানির মামলাটি দায়ের হয় গত ২৬ আগস্ট। মামলার বাদি মতিহার থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফেরদৌস আহমেদ। ১ সেপ্টেম্বর মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন এ মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, ফলিত পদার্থ বিভাগের আব্দুস সোবহান, ব্যবস্থাপনা বিভাগের মলয় ভৌমিক, গণযোগাযোগ বিভাগের সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪১ ঘ.
bdnews24