আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতি বছরই ওরা আসে। তাদের আগমন জানায়, শীত আসছে। একটু উষ্ণতার খোঁজে সাইবেরিয়াসহ হিমালয় অঞ্চল থেকে বাংলাদেশে ছুটে আসা এই সব পাখিদের আমরা অতিথি পাখি নামেই ডাকি। নিরাপদ আশ্রয়স্থল হিসেবে অনেক দিন ধরেই এই সব পাখি বেছে নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে। আর শহর থেকে দূরের এ ক্যাম্পাসবাসীও প্রতিবছরই অপেক্ষায় থাকে এ সময়ের। চলে অতিথিদের বরণ করে নেয়ার প্রস্তুতি। অতিথি পাখিদের আগমনের সংবাদ জানাচ্ছেন আমিনুর রহমান রাসেল।
গত সপ্তাহ ধরে বিকাল হলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোর পাড়ে শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছে। বিকালে ক্যাফেটেরিয়া কিংবা প্রান্তিকের জমজমাট আড্ডার আসরে যেন ভাটার টান। আর এর কারণ, পাখিরা আসতে শুরু করেছে। কলকাকলীতে মুখর হয়ে উঠেছে জলাশয়গুলো। লাল শাপলায় রঙিন জলে পাখিদের খুনসুঁটি, ডানা ঝাপটে উড়ে চলা ভেঙে দিয়েছে ক্যাম্পাসের নির্জনতা। ক্যাম্পাস পরিবারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে এখন ছুটে আসছে জাহাঙ্গীরনগরে।
শুধু জাহাঙ্গীরনগরই নয়, রাশিয়ার সাইবেরিয়া ও ভারতের অরুণাচল প্রদেশ থেকেই শীতের শুরুতে প্রতিবছরই আসে নানা প্রজাতির পাখি। ওই অঞ্চলে যখন প্রচণ্ড শীত নেমে আসে তখন এ সব পাখিরা অস্তিত্বের প্রয়োজনে ছুটে আসে বাংলাদেশসহ আশপাশের কিছুটা উষ্ণ অঞ্চলে। সরালি, গার্গিনি, কোম্বডাক, ফেরোজিনাস পোচার্ড, লালমুড়ি, জল মুরগী, বালিহাঁস, নর্দান পিনটেল, কাস্তে চাড়া, জলপিপি, সোনা জিরিয়া, হুড়হুড়, জলকুক্কুট, পাতারি হাঁস, কাদাখোঁচা, বাটান, শিলাফিদ্দা, খয়রা বিভিন্ন প্রজাতির পাখি; এদের সঙ্গী হয় দেশের যাযাবর পাখিরাও। শীত শেষে মার্চে যখন গ্রীষ্মের শুরু, তখন এ সব পাখিরা আবার ফিরে যায় আপন নীড়ে।
জাহাঙ্গীরনগর ক্যাম্পাস ছাড়াও দেশের উপকূলীয় অঞ্চল হাতিয়া, চর কুকরি, গাইবান্ধা ও সিরাজগঞ্জে যমুনার চর, বৃহত্তর সিলেটের টাঙ্গুয়া ও হাকালুকি হাওর, চান্দাবিল, চলনবিল, সুন্দরবনসহ বিভিন্ন অঞ্চলে ভিড় করে অতিথি পাখিরা।
তবে আমাদের দেশে পরিবেশ বিপর্যয় আর নিরাপত্তাহীনতার কারণে দিন দিনই অতিথির পাখির সংখ্যা কমছে বলে পাখি বিশেষজ্ঞরা বলছেন। ১০ বছর আগে আসতো, এখন এমন অনেক পাখিই দেখা যায় না।
এসবের মধ্যেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাখি বরণের প্রস্ততি নেয়। অতিথি পাখিদের জন্য এ বছর জলাশয়গুলো সংস্কারও করা হয়েছে। এ ক্যাম্পাসে লেক রয়েছে ১১টি। এর মধ্যে আল-বেরুনী হল (বর্ধিতাংশ), জাহানারা ইমাম হল, প্রীতিলতা হল এবং প্রশাসনিক ভবন সংলগ্ন লেক দুটিতেই বেশি পাখি আবাস গাঁড়ে।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ড. মনিরুল হাসান খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত এক যুগের রেকর্ড অনুযায়ী এ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ৫৫ প্রজাতির পাখি এসেছে। এর মধ্যে কিছু কিছু পাখি একবারই দেখা গেছে, যা পরে আর দেখা যায়নি। যেমন, আটপৌরে দামা, ল্যাগার ফ্যালকন, ভুতিহাঁস।"
প্রাণিবিদ্যা বিভাগের এক গবেষণায় দেখা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবছর প্রায় ৫৫ প্রজাতির ৬/৭ হাজার পাখি আসে। দেশি ও অতিথি পাখি মিলিয়ে ১৪০ প্রজাতির পাখি দেখা যায় এখানে।
অতিথি পাখি কমে যাওয়ার প্রসঙ্গে পাখি বিশেষজ্ঞ ড. ইনাম আল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবেশ বিপর্যয়, জীববৈচিত্র্য ধ্বংস, কৃষিতে ক্ষতিকর রাসায়নিক সার ব্যবহার, খাদ্য সঙ্কট ও পাখির আবাস উপযোগী পরিবেশ ধ্বংসের ফলে বাংলাদেশে কমে যাচ্ছে শীতকালীন অতিথি পাখির আগমন।"
শিকারীদের হাতেও নির্বিচারে অতিথি পাখিরা প্রাণ হারাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, "পাখি নিধন রোধে আইন থাকলেও তার প্রয়োগ কম। এ প্রয়োগ জরুরি।"
জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য ক্যাম্পাসকে পাখির অভয়ারণ্য ঘোষণা করেছে। অতিথি পাখি দেখতে আসা দর্শনার্থীদের পাখির সঙ্গে সদয় আচরণেরও অনুরোধ করেছে কর্তৃপক্ষ। এছাড়া পাখির জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এবং নেচার স্ট্যাডি অ্যান্ড কনজারভেশন ক্লাব। প্রতিবছর প্রাণিবিদ্যা বিভাগ আয়োজন করে আসছে পাখি মেলা ও পাখি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএম/এমআই/এমএ/১৩৫০ ঘ.
bdnews24