২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একমুখী শিক্ষা ব্যবস্থা আরও এক বছরের জন্য স্থগিত

নবম ও দশম শ্রেণীতে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন আরও এক বছরের জন্য স্থগিত করেছে সরকার। এ নিয়ে তৃতীয় বারের মতো প্রকল্পটির বাস্তবায়ন স্থগিত হলো। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে রোববার বিকেলে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 03:28 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নবম ও দশম শ্রেণীতে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন আরও এক বছরের জন্য স্থগিত করেছে সরকার। এ নিয়ে তৃতীয় বারের মতো প্রকল্পটির বাস্তবায়ন স্থগিত হলো। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে রোববার বিকেলে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের বলেন, "একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে আরও প্রস্তুতি ও পর্যালোচনা প্রয়োজন। এজন্য এ প্রকল্প বাস্তবায়ন স্থগিতাদেশ ২০০৭ সালের ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০০৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।" গত জোট সরকার ক্ষমতায় আসার পরপরই ২০০৬ শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর জন্য বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের পাঠ্যক্রম তুলে দিয়ে সব বিভাগের জন্য একমুখী পাঠ্যক্রম চালু করার ঘোষণা দেয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ও করে তারা। এরমধ্যে বেশিরভাগ টাকাই ব্যয় হয় ৩৪৮ জন কর্মকর্তা ও শিক্ষকের প্রশিক্ষণ বাবদ। তাদের বিদেশে পাঠিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু এ প্রকল্পের বিরুদ্ধে ২০০৫ সালে ব্যাপক আন্দোলন শুরু করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এর পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ৬ ডিসেম্বর একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন ২০০৬ সালের ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে জোট সরকার। পরে ২০০৬ সালের মে মাসে তৎকালীন সরকার আরেক ঘোষণায় ২০০৭ সালের ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়ায়। শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এক চিঠির মাধ্যমে ২০০৮ সাল থেকে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে কিনা- তা জানতে চায় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। ওই চিঠিতে বলা হয়, একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হলে পাঠ্য পুস্তক ছাপানোর কাজ এখন থেকেই শুরু করতে হবে। পাশাপাশি অন্য প্রস্তুতিও শেষ করতে হবে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর ওপর স্থগিতাদেশ আরও এক বছর বাড়ানোর জন্য উপদেষ্টা পরিষদের কাছে প্রস্তাব পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় কর্মকর্তারা জানান, একমুখী শিক্ষা চালু করতে হলে দেশের সব স্কুলেই বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য পর্যাপ্ত শিক্ষকের প্রয়োজন। বর্তমানে দেশের সাত হাজার ৪৭টি স্কুলে বাণিজ্য বিভাগে কোনো শিক্ষক নেই। পাশাপাশি বিজ্ঞান বিভাগে এক হাজার ৫১২টি স্কুলে এবং মানবিক বিভাগে ২৮৮টি স্কুলে কোনো শিক্ষক নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ইএইচবি-এএইচডি/এসএনডি/এমএইচবি/২১১৬ ঘ.