রাজশাহী, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ ও সংঘর্ষের সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় আরো এক শিক্ষকের সাক্ষ্য নিয়েছে আদালত।
রোববার রাজশাহীর মহানগর দ্রুতবিচার আদালতে সাক্ষ্য দেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক সেলিম রেজা।
অধ্যাপক রেজা আদালতকে জানান, মামলার অভিযুক্ত দুই শিক্ষককে তিনি দীর্ঘদিন ধরে চেনেন। তারা কখনোই রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত ছিলেন বলে তার জানা নেই।
সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এস এম ফজলুল করিম চৌধুরী আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
রোববার সাক্ষ্য গ্রহণের সময় মামলার আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল, একই বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম এবং সাবেক উপাচার্য ফাইসুল ইসলাম ফারুকীর গাড়িচালক মো. আতাউর রহমান আতাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার বাকি ১০ আসামি পলাতক রয়েছে।
এনিয়ে মামলার ১০ আসামির সাক্ষ্য নেয়া হলো। গত ২৪ অক্টোবর সাক্ষ্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা এবং ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহিদ হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে গত ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষ ও ভাংচুর হয়। ওই ঘটনায় দায়ের করা দুই মামলার অভিযোগপত্রে আট শিক্ষকসহ ২০ জনকে আসামি করা হয়।
২৩ আগস্ট ডিজিএফআইয়ের সহকারী পরিচালক শওকত আলীর দায়ের করা মামলার এজাহারে বলা হয়, গত ২২ আগস্ট ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের উল্লিখিত দুই শিক্ষক বিক্ষোভকারীদের মোবাইল ফোনের মাধ্যমে বাদির গাড়ির অবস্থান জানিয়ে তার ওপর হামলা করার নির্দেশ দেন। তখন বিক্ষোভকারীরা শওকত আলী ও তার সঙ্গীদের মারধর করে ডিজিএফআইয়ের গাড়িটি পুড়িয়ে দেয়।
এ মামলার অভিযোগপত্রে দুই শিক্ষকসহ ১৪ জনকে আসামি করা হয়।
গত ১১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে অধ্যাপক সারোয়ার জাহান সজল ও সাব্বির সাত্তার তাপুকে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৩ ঘ.
bdnews24