ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রায় দুই মাস বন্ধ থাকার পর ঢাকা, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রোববার ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে তিন ক্যাম্পাস।
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জান্নাতুল ফেরদাউস ক্যাম্পাস থেকে জানান, ক্লাশ শুরু হওয়ায় বিভিন্ন অনুষদ, কেন্দ্রীয় পাঠাগার, দোয়েল চত্বর, ডাকসু ক্যাফেটেরিয়া, টিএসসি আর মধুর ক্যান্টিনসহ পুরো ক্যাম্পাসে রোববার যেন প্রাণ ফিরে এসেছে। দীর্ঘ দিন পর দেখা হওয়ায় আনন্দে উদ্বেল শিক্ষার্থীরা বন্ধুর সঙ্গে শুভে"চ্ছা বিনিময় করেছেন হাত মিলিয়ে, কেউবা বুকে বুক মিলিয়ে।
উর্দু ও ফার্সি বিভাগের ছাত্রী সোয়েবা ফাতেমা নূর এ আলম অপরাজেয় বাংলার পাদদেশে বান্ধবী নওরীনকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করেন। সোয়েবা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৩ আগস্ট হল ছাড়ার পর এই প্রথম বন্ধবীর সঙ্গে দেখা হলো। মাঝে মাঝে ফোনে কথা হয়েছে, কিন্তু এতোদিন পর বন্ধুর দেখা পাওয়ার আনন্দই অন্যরকম"
কলাভাবনে বিভিন্ন বিভাগের ক্লাশ শুরু হয় সকাল আটটায়। ক্লাশের ফাঁকে শিক্ষার্থীদের আড্ডাও জমে ওঠে। বহুদিন পর কেন্দ্রীয় পাঠাগারেও দেখা গেল ব্যস্ততা। উর্দু ও ফার্সি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আরিফুর রহমানকে হন্তদন্ত হয়ে পাঠাগারে ঢুকতে দেখা গেল। তিনি জানালেন, ৬ নভেম্বর থেকে তার ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু। অল্প সময়ের নোটিশে হল ছাড়তে হয়েছিল বলে বাড়িতে বই-খাতা নিয়ে যেতে পারেননি। এখন পরীক্ষার প্রস্তুতির জন্য সারাদিনই হয়তো পাঠাগারে কাটাতে হবে।
পাঠাগার ঘুরে আরিফের মতো অনেককেই বইয়ের পাতায় মগ্ন দেখা গেল।
এদিকে, ঈদ আর পূজার পর ক্লাশ শুরু হওয়ায় আড্ডার বিষয়েও বৈচিত্র ছিল। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী দোদুলকে বান্ধবীর সঙ্গে ঈদের পোশাক নিয়ে গল্প করতে দেখা গেল। এ বিষয় সে বিষয় ঘুরে তাদের আড্ডাতেও এলো পরীক্ষা আর প্রস্তুতির কথা।
এদিকে গত ২০ থেকে ২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার দ্বীন ইসলাম অ্যাঞ্জেলের বাবা ইদ্রিস আলী শেখ রোববার উপাচার্যের সঙ্গে দেখা করেন। তিনি ছেলের মুক্তির চেয়ে উপাচার্যের কাছে একটি আবেদনপত্রও দিয়েছেন।
প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "অ্যাঞ্জেলের বাবা উপাচার্যের কাছে একটি দরখাস্ত দিয়েছেন। ছেলের মুক্তির জন্য উপাচার্যকে সরকারের কাছে আবেদন জানাতে বলেছেন তিনি। অ্যাঞ্জেল যেন তার দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা কারাগারে বসে দিতে পারে সে ব্যবস্থা করারও আবেদন জানিয়েছেন তিনি।"
উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ অ্যাঞ্জেলের মুক্তির বিষয়ে বলেন, "ক্যাম্পাসের বাইরের কোনো ঘটনার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না। তবে কারা কর্তৃপক্ষ অনুমতি দিলে কারাগারে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।"
এছাড়া শাহবাগে গাড়ি পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেবের মুক্তির দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেছেন সংগঠনের নেতারা। ইউনিয়নের প্রচার সম্পাদক মিতা খান জানান, ক্যাম্পাসের বাইরে শাহবাগের ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারকৃতদের ব্যাপারে উপাচার্য কোনো দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী জানান, আগামী ৪ নভেম্বর থেকে বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরু হবে। এছাড়া স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে নেওয়া হবে শিগগিরই সে ব্যাপারে ঘোষণা দেওয়া হবে।
সেশনজটের আশঙ্কার বিষয়ে উপাচার্য বলেন, "বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছে। শিক্ষার্থীদের ওপর যাতে হঠাৎ করে পড়ালেখার চাপ না পড়ে এবং পরীক্ষাগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে।"
সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদল, ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরও ক্যাম্পাসে কুশল বিনিময় করতে দেখা যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূরের সাফা ইস্কান্দার অপু ক্যাম্পাস থেকে জানান, সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সিরাজুল ইসলাম খান সকালে বিভিন্ন বিভাগ ঘুরে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উপাচার্য ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
নিরাপত্তা রক্ষায় এদিন ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসমাইল হোসেন জানান, দীর্ঘদিন পর শিক্ষার্থীদের উপস্থিতিতে আবার মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। স্থগিত পরীক্ষাগুলোর তারিখ দেওয়া হয়েছে, আবাসিক হলগুলোতেও ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। সেইসঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে জমে উঠেছে আড্ডা।
গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী শহীদুল ইসলাম বলেন, "দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে এসে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় এবং ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক হওয়ায় খুবই ভালো লাগছে।"
এর আগে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ২৫ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। পরিচয় পত্র দেখে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এনামুল হক জানান, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ছাড়াও শিক্ষার্থীদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উপ-উপাচার্য ড. মামনুনুল কেরামত ও প্রক্টর ড. এনামূল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার রাতে আবাসিক হলগুলো পর্যবেক্ষণ করেছেন।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেন ক্যাম্পাসের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।
২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অপ্রীতিকর ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্ষ ছড়িয়ে পড়লে ২২ আগস্ট দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ কয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেএফ/আরএ/জেকে/এমএ/১৯০৮ ঘ.
bdnews24