২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দফায় দফায় পরিচয়পত্র দেখিয়ে তবেই ক্লাশে যেতে পেরেছেন চবি শিক্ষার্থীরা

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই মাস পর বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাশ শুরু হয়েছে। খোলার প্রথম দিনেই হাজার হাজার শিক্ষার্থী রওনা হয় ক্যাম্পাসমুখে। কিন্তু দফায় দফায় পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢোকার কড়াকড়িতে হতভম্ব শিক্ষার্থীদের অনেকেই উষ্মা প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই মাস পর বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাশ শুরু হয়েছে। খোলার প্রথম দিনেই হাজার হাজার শিক্ষার্থী রওনা হয় ক্যাম্পাসমুখে। কিন্তু দফায় দফায় পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢোকার কড়াকড়িতে হতভম্ব শিক্ষার্থীদের অনেকেই উষ্মা প্রকাশ করেন। নগরী থেকে বিশ্বদ্যিালয় ক্যাম্পাস পর্যন্ত সাতটি রেল স্টেশনে সকাল থেকে দুপুর পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল বডির সদস্যরা অবস্থান নেয়। প্রতিটি স্টেশনেই শিক্ষার্থীদের পরিচয়পত্র পরীক্ষা করে শাটল ট্রেনে উঠতে দেয়া হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং ক্যাম্পাস রেল স্টেশন চত্বরে রাস্তার দুই ধারে শতাধিক পুলিশ দাঁড়িয়ে থাকে। চবি উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমসহ সিন্ডিকেট সদস্য, বিশ্ববিদ্যালয় শিক্ষা ও পরিবেশ পর্ষদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা প্রবেশ পথে অবস্থান নেন। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে মূল ফটকে পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢোকেন। ট্রেন থেকে নেমে পুলিশের তল্লাশি এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে স্বয়ং উপাচার্যকে পরিচয়পত্র পরীক্ষা করতে দেখে চমকে ওঠে শিক্ষার্থীরা। পরিচয়পত্র না থাকায় শাটল ট্রেনের বিভিন্ন রেল স্টেশন এবং ক্যাম্পাসে প্রবেশের মূল ফটক থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হয়নি। প্রক্টরিয়াল বডির নির্দেশে এসব শিক্ষার্থীর অনেককেই কিছুক্ষণ আটকে রেখে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। প্রক্টর ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ে আসতে হলে শিক্ষার্থীদের তাদের ছাত্রত্বের বৈধ প্রমাণ নিয়েই আসতে হবে। এটা হতে পারে শিক্ষার্থীদের পরিচয়পত্র অথবা লাইব্রেরি কার্ড।" সিন্ডিকেট এবং শিক্ষা ও পরিবেশ পর্ষদের সদস্য মো. কামাল উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় ইতিহাসে এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা আর কখনো নেয়া হয়নি। একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রবেশের জন্য ১০ বার পরিচয়পত্র দেখাতে হচ্ছে। প্রথমবারের মতো এমন পরিস্থিতি দেখে শিক্ষার্থীরা হতভম্ব হয়ে যাচ্ছে।" নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের তাদের পরিচয়পত্র সঙ্গে রাখার অভ্যাস করতে হবে। আর শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।" ষোলশহর স্টেশন থেকে রেলে উঠা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সোমা পরিদর্শন টিমকে তার পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তাকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। সোমা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বারবার পরিচয়পত্র প্রদর্শন নিরাপত্তার নামে বাড়াবাড়ি।" বুধবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গামী তিনটি শাটল ট্রেনেই ছিল উপচেপড়া ভিড়। তবে পরিচয়পত্র নিয়ে ব্যাপক কড়াকড়ির কারণে ক্যাম্পাসের চিরচেনা সে উচ্ছ্বাস চোখে পড়েনি। যেসব শিক্ষার্থী সড়ক পথে বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন তারাও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে হতভম্ব হয়ে পড়েন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার শাটল ট্রেনের বিভিন্ন স্টেশন এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে ১২ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। এ রকম কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে পরিচয়পত্র দেখানোর দৃশ্য আগে কখনো কোথাও তিনি দেখেননি বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিশ্ববিদ্যালয়ে ক্লাশ শুরুর প্রথম দিনেই খুব কম সংখ্যক বিভাগেই ক্লাশ হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএআর/এমআই/১৯২১ ঘ.