২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ সপ্তাহের মধ্যেই খুলছে ঢাবিসহ ৪ বিশ্ববিদ্যালয়

দীর্ঘ প্রায় দু'মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এ সপ্তাহের মধ্যেই খুলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 01:35 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ প্রায় দু'মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এ সপ্তাহের মধ্যেই খুলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ২৮ অক্টোবর। এর আগে ২৩ অক্টোবর হলগুলো খুলে দেয়া হবে। ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হল এবং বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হচ্ছে। ২৩ অক্টোবর সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গেট খুলে দেয়া হবে। সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হবে না। তবে পরে আবাসিক শিক্ষকরা হল পরিদর্শন করার সময় বহিরাগত পেলে তাদের বের করে দেয়া হবে। তিনি আরো জানান, শিক্ষার্থীরা আগে যে কক্ষে থাকতো সেখানেই থাকতে পারবে। অধ্যাপক সিরাজুল ইসলাম আরো জানান, বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের সঙ্গে যাতে কোনো 'ভুল বোঝাবুঝি' না হয়, সেজন্য কোনো হলের সামনে পুলিশ থাকবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশপথ এবং মলচত্বর ও টিএসসিতে পুলিশ থাকবে। উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেন, "নিয়মিত বন্ধের পর বিশ্ববিদ্যালয় ২৮ তারিখ খুলছে। আশা করি ক্লাশ, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।" তবে চার শিক্ষক এবং শিক্ষার্থীদের কারাবন্দী রেখে বিশ্ববিদ্যালয় খুললে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে কিনা এ ব্যাপারে তিনি বলেন, সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার ব্যাপারে শিক্ষকসহ সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা হয়েছে বলে উপাচার্য জানান। শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আখতারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় খোলা হোক এবং পরিস্থিতি শান্তিপূর্ণ থাকুক এটি ছাত্র-শিক্ষকসহ সকলেরই প্রত্যাশা। কিন্তু অভিজ্ঞতার আলোকে বলা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টেকসই ও শান্তিপূর্ণ পরিস্থিতি সংরক্ষণের স্বার্থে কারাবন্দী ছাত্র-শিক্ষকদের মুক্তি দিয়েই বিশ্ববিদ্যালয় খোলার উদ্যোগ গ্রহণ করা সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য সর্বোত্তম পদক্ষেপ হবে।" রাজশাহী প্রতিনিধি জানান, দীর্ঘ প্রায় দু' মাস পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হল খুলবে সোমবার এবং ক্লাশ শুরু হবে মঙ্গলবার। সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঈদ এবং পূজার ছুটির পর মঙ্গলবার থেকে ক্লাশসহ সব একাডেমিক কার্যক্রম শুরু হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ অক্টোবর। হলগুলো ২৫ অক্টোবর খুলে দেয়া হবে। হলে ঢোকার সময় সবাইকে পরিচয়পত্র নিয়ে ঢুকতে হবে। চট্টগ্রাম প্রতিনিধি জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে। এর দ'ুদিন আগে সোমবার খুলে দেয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নয়টি হল ও দুটি হোস্টেল। বিশ্ববিদ্যালয় খোলার পর যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসগামী শাটল ট্রেনের বিভিন্ন স্টেশনসহ ক্যাম্পাসের ভেতর ও বাইরে পুলিশ ও র‌্যাব মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাশ শুরু হবে । ঈদ ও পূজার ছুটির পর সোমবার থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়মুখী শাটল ট্রেন সোমবার সকাল থেকে চলাচল শুরু করবে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশ্ববিদ্যালয়ের যে কোন স্থানে যে কোন সময়ে তল্লাশির অনুমতি দেয়া হয়েছে। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে এবং শাটল ট্রেনে পাওয়া গেলে তাকে আটক করা হবে। হলগুলোতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোন আবাসিক শিক্ষার্থীকে প্রবেশ করতে দেয়া হবে না। হল পরিদর্শন টিম এ বিষয়টি দেখাশুনা করবে। স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দু'দফা সভা করে এসব সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাসদস্যের হাতে ছাত্র লাঞ্ছণার জের ধরে ব্যাপক ছাত্র বিক্ষোভ ও সহিংসতার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/প্রতিনিধি/এসকে/১৯২৫ঘ.