রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঈদুল ফিতর ও দুর্গাপূজার আগেই কারাগারে আটক আট সহকর্মীর মুক্তি চেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৪০ জন শিক্ষক।
সহকর্মীদের মুক্তি চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে রোববার আবেদন জানিয়েছেন তারা। বেলা ১২টার দিকে ফ্যাক্সযোগে ওই আবেদনপত্র পাঠানো হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ফায়েক উজ্জামান।
আবেদনপত্রে বলা হয়, গত ২০ ও ২১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এর প্রভাব পড়ে। ওই ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম সাইদুর রহমান খান, ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুস সোবহান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক, গণযোগাযোগ বিভাগের শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন, আবদুল্লাহ আল মামুন, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান সজল ও গোলাম সাব্বির সাত্তার তাপু বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
আটক আট শিক্ষক স্ব স্ব বিষয়ে বিশেষজ্ঞ এবং তারা বিভিন্ন ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন উল্লেখ করে আবেদনপত্রে বলা হয়, শিক্ষকরা বিশ্ববিদ্যালয়কে সত্য, ন্যায়, সুন্দর ও কল্যাণের প্রতীক হিসেবে গড়ে তুলতে নিজেদের অবস্থান থেকে বিভিন্ন সময়ে চেষ্টা করেছেন।
আবেদনপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, খানম মমতাজ আহমেদ, কানাই লাল রায়, আবুল হাশেম, তোফাজ্জল হোসেন তরফদার, মকসুদুর রহমান, মিজান উদ্দিন, বিধান চন্দ্র দাস, জালাল উদ্দিন, মোহাম্মদ নাসের, খালেকুজ্জামান, শাহ আলম, এম নূরুল্লাহ, খায়রূল আলম খান, অরুণ কুমার বসাক, ফায়েক উজ্জামান, হাসিবুল আলম প্রধান প্রমূখ।
প্রসঙ্গত, গত আগস্টে ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেয়ার অভিযোগে দুই মামলায় ওই আট শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে। মামলা দুটির সাক্ষ্য গ্রহণ চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৭ ঘ.
bdnews24