জাবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। দেশে চলমান জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়।
তবে জরুরি অবস্থার মধ্যে যদি বিভিন্ন সংগঠনের ওপর আরোপিত বিধি শিথিল করা হয় তবে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
বুধবার নির্বাচন কমিশনার ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক সিকান্দার দারা শামসুদ্দীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে ১১ জানুয়ারি জাবি শিক্ষক সমিতির ২০০৭ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ১৫টি পদের বিপরীতে নির্বাচন তফসিল ঘোষণা করে।
পরে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. সাইদুর রহমানের পরামর্শে নির্বাচন কার্যক্রম স্থগিত করে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০০৬ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক অজিত কুমার মুজমদার বলেন, “দেশে চলমান জরুরি অবস্থার কারনে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন স্থগিত করার অনুরোধ করা হয়।”
নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
