২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণচঞ্চল হয়ে উঠছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা মাথায় নিয়েই মঙ্গলবার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 09:32 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

প্রতিপক্ষ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্র শিবিরের হামলা এবং ঈদের ছুটির কারণে টানা ২২ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরুর ঘোষণায় ছাত্র-- ছাত্রীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবরোধের কারণে স্থগিত করা ২০০৬--২০০৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার সাক্ষাতকারের নতুন তারিখ ঘোষণা করেছে।

নতুন তারিখ অনুযায়ী খ ইউনিটের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে ২০ এবং ২১ জানুয়ারি। ক ইউনিটের ভর্তি ও বিষয় পরিবর্তনের সময়সীমা ২১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ ছাড়া অন্যান্য বিভাগের কোর্স ফাইনাল পরীক্ষাগুলোরও নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।  

গত বছরের ২৪ ডিসেম্বর সামান্য কথা কাটাকাটির জের ধরে ছাত্রশিবিরের নেতা কর্মীরা ক্যাম্পাসে প্রতিপক্ষ ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের উপর হামলা চালায়। এসময় দুজন ফটো সাংবাদিকসহ ৪০ জন আহত হয়। শিবির কর্মীরা প্রক্টর অফিসে আশ্রয় নেওয়া নেতা-- কর্মীদের এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মারধর করে।

ঘটনার পরদিন থেকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে লাগাতার অবরোধ পালন শুরু করে। কর্তৃপক্ষ সহিংসতা এড়াতে ২৬ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।     

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রলীগের অবরোধ সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কাজ স্বাভাবিকভাবে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক এম বদিউল আলম। 

হামলার ঘটনায় দায়ী ছাত্রশিবিরের কর্মীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগ লাগাতার অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রসঙ্গে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সোমবার নফহবংি২৪.পড়স --কে জানান, “ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটি সোমবার বিকেলে শহরে এক জরুরি সভা শেষে অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।”

দেশে জরুরি অবস্থা সত্ত্বেও অবরোধ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, “ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিবির কর্মী ও বহিরাগত ক্যাম্পাস এবং হল থেকে বহিষ্কারের পাশাপাশি প্রক্টরকে অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

এ ব্যাপারে তারা চট্টগ্রাম আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও কথা বলেছেন বলে তিনি জানান।

এরশাদ হোসেন বলেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে ছাত্রলীগ কোনো পিকেটিং করবে না। তবে শহর থেকে বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী বাস মালিক ও ম্যাক্সি সার্ভিসের মালিকদের যানবাহন না চালানোর জন্য চিঠি দেবে।   

অন্যদিকে উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম ছাত্রলীগের ডাকা অবরোধকে বাড়াবাড়ি বলে উল্লেখ করেছেন।

তিনি সোমবার সন্ধ্যায় নফহবংি২৪.পড়স--কে বলেন, দেশে জরুরি অবস্থা জারি থাকায় এখন সব ধরনের হরতাল-- অবরোধ নিষিদ্ধ। এমন অবস্থায় ছাত্রলীগ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলে ভুল করবে।  

ছাত্রলীগসহ অন্য ছাত্র সংগঠনগুলোর আন্দোলনের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৪ ডিসেম্বরের ঘটনা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   

এদিকে ২২ দিন পর বিশ্ববিদ্যালয় খোলায় ছাত্র--ছাত্রীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। দেশে জরুরি অবস্থা চলতে থাকায় ক্যাম্পাসে বড় ধরনের সহিংসতা ঘটবে না বলে আশা করে তারা হলে ফিরতে শুরু করেছে।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বরের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিকে ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।