ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনের প্রার্থীতা ঘোষণা
২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি-জামায়াতপন্থী সাদা এবং আওয়ামী লীগ সমর্থিত নীল দল।
নীল দলের সভাপতি পদে বর্তমান সভাপতি এবং ইতিহাস বিভাগের অধ্যাপক শরীফুল্লাহ ভুঁইয়াকে মনোনীত করেছে। সাদা দলের পক্ষে কলা অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের অধ্যাপক সদরুল আমিনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
নির্ধারিত এক বছরের মেয়াদ শেষ হবার পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ ডিসেম্বর।
সাধারণ সম্পাদক পদে নীল দলের পক্ষে জীববিজ্ঞান অনুষদের ডীন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেনকে মনোনীত করা হয়েছে। সাদা দল মনোনীত করেছে বাণিজ্য অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সিরাজুল ইসলামকে।
যুগ্ম সম্পাদক পদে নীল দলের পক্ষে ভূ-তত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. এ এসএম মাকসুদ কামাল মনোনীত হয়েছেন। সাদা দলের পক্ষে প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন রশীদ চৌধুরীকে মনোনীত করা হয়েছে।
নীল দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক নুরুর রহমান এবং সাদা দলের পক্ষে থাকবেন সভাপতি পদের প্রার্থী অধ্যাপক সদরুল আমিন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আজিজুর রহমান খান।
