২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি চারুকলায় আসন ১৩০, ভর্তির যোগ্য ২৪১ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যেখানে ১৩০ আসনের বিপরীতে ২৪১ জন শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 12:04 PM

Updated : 02 Aug 2022, 11:57 AM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার এই ফল প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৭ জুন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান (এমসিকিউ) অংশের পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ১৫৬ জন শিক্ষার্থী।

সাধারণ জ্ঞানে উত্তীর্ণ ১ হাজার ৫০০ শিক্ষার্থী গত ২ জুলাই অঙ্কন পরীক্ষায় অংশ নেন। যাদের মধ্যে ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন ২৪১ জন।

তাদের মধ্য থেকে শেষ পর্যন্ত ১৩০ জন মেধাক্রম অনুযায়ী চারুকলা অনুষদভুক্ত আটটি বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন।

এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ১০০ দশমিক ৫ পেয়ে প্রথম হয়েছেন ভিকারুন্নেসা নূন কলেজের শিক্ষার্থী ফারিয়া নওশীন আহমেদ আপন।

৯৮ দশমিক ৯৪ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন সরকারি গৌরীপুর কলেজের শিক্ষার্থী ঐশী রাণী মণ্ডল এবং ৯৮ দশমিক ৮৪ পেয়ে তৃতীয় হয়েছেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী মো. ফরহাদ আলী।

যেভাবে ফলাফল জানা যাবে

চ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

তাছাড়া বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU CHA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি এসএমএসএ তার ফলাফল জানা যাবে।

# করণীয়

>> যোগ্য বিবেচিত শিক্ষার্থীদের আগামী ২৪ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

>> ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২৪ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

>> ফলাফল নিরীক্ষার জন্য নির্ধারিত ফি দিয়ে ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে চ ইউনিটের নোটিসে পাওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।