২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলাদা করি না: শিক্ষামন্ত্রী

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমান মূল্যবান মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 07:41 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলাদা করে দেখি না। সবাই আমাদের কাছে সমান মূল্যবান, দেশের সম্পদ।

“আমরা চাই সবার জন্যই শিক্ষার সুন্দর পরিবেশ দিতে। কেননা যে কোনো জায়গা থেকে ভালো শিক্ষার্থীর মূল্যায়ন দেশের জন্য ভালো কিছু বয়ে আনে।”

সরকারের নিয়ম না মেনে চলতে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সাবধানও করেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, “কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যেগুলো প্রয়োজনীয় শর্ত পূরণ না করেই চলছে। এদের বিরুদ্ধে আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে, নিজ থেকে সব সমস্যা না সমাধান করলে আবারও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

ইউডার সমাবর্তনে স্নাতক পর্যায়ে ৮৫৯ জন এবং স্নাতকোত্তর পর্যায়ে ৭৭০ জনসহ মোট এক হাজার ৬২৯ জনকে ডিগ্রি দেওয়া হয়। 

বিবিএর শিক্ষার্থী মো. মারুফ হোসাইন শিক্ষাজীবনের শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছয়জন উপাচার্য পুরস্কার ও ১৪ জন ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন।

গবেষণা ও শিল্পকর্মে অবদান রাখায় সাবেক শিক্ষার্থী ও দুইজন শিক্ষকসহ মোট ছয়জনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউডার ইমেরিটাস অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ।

তিনি বলেন, “বর্তমান শতকে প্রতিযোগিতা হবে মেধার, পেশীর নয়। প্রতিযোগিতা হবে মননের, সৃজনশীলতার, বাচালতার নয়। এই প্রতিযোগিতায় বিজয়ী হতে হলে দরকার হবে সৃষ্টিশীল মস্তিষ্কের, বিরাট বপুর নয়। তোমাদেরকে এই বিষয়গুলো মনে রেখে জীবনের পথে চলতে হব।”

সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানসহ ইউডার বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।