২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউল্যাবে নতুন শিক্ষার্থীদের বরণ

নানা আয়োজনে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2017, 07:51 PM

Updated : 11 Oct 2022, 02:02 PM

ইউল্যাবের ধানমণ্ডি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপস্থিতিতে শনিবার ‘সামার ওরিয়েন্টেশন ২০১৭’ শীর্ষক আয়োজনে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক বক্তব্য রাখেন। এছাড়া ইউল্যাব নিয়ে প্রেজেন্টেশন দেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ইমরান রহমান।

ইউল্যাবের মিশন, ভিশন, একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব অ্যাক্টিভিটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় নতুন শিক্ষার্থীদের।

স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস ও কমিউনিকেশনস অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে ইউল্যাব সংস্কৃতি সংসদের সদস্যদের গান ও থিয়েটার ইউল্যাবের পরিবেশনায় নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় টক শো ‘প্রাউড টু বি ইউল্যাবিয়ান’।