গার্হস্থ্য অর্থনীতির আন্দোলনকারীরা ছাত্রীনিবাসের নাম দিল ‘শেখ হাসিনা হল’
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে আন্দোলনে থাকা ছাত্রীরা তাদের ‘নামহীন’ ছাত্রীনিবাসে ‘শেখ হাসিনা হল’ লেখা ব্যানার লাগিয়ে দিয়েছেন।
টানা চতুর্থ দিনের মত ঢাকার নিউ মার্কেট মোড় অবরোধ করে সমাবেশ করার করার পর বৃহস্পতিবার বিকালে কলেজ ক্যাম্পাসে ফিরে এই সাইনবোর্ড লাগান তারা।
আন্দোলন ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন ও হকারদের মিছিলের মধ্যেই বেলা সাড়ে ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীদের সমাবেশ চলে।
টানা চার দিন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো এই শিক্ষার্থীদের মুখপাত্র তারিন সুলতানা শাম্মী জানান, শনিবার তারা নিউ মার্কেট মোড়ের পরিবর্তে কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করবেন। সেইসঙ্গে দেয়াল লিখনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
শাম্মী বলেন, “আমাদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। শনিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”
টানা চতুর্থ দিনের মত নিউ মার্কেট মোড় আটকে সমাবেশ করছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা
প্রধানমন্ত্রীর নামে ছাত্রীনিবাসের নামকরণের বিষয়ে জানতে চাইলে শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শাম্মী বলেন, “আমাদের হলের কোনো নাম ছিল না, সুনির্দিষ্ট কোনো পরিচয় ছিল না, সে কারণে আমরা আমাদের হলের নামকরণ করেছি। আমাদের প্রতিষ্ঠান থেকে যেহেতু কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, সেহেতু আমরাই নিয়েছি।”
নাম থাকায় আগে ছাত্রীনিবাসের তিনটি ভবনকে ‘ভবন-১, ভবন-২ ও ভবন-৩’ নামে ডাকা হত বলে জানান তিনি।
