ফেলে আসা দিনে, উচ্ছ্বাসে ফিরে ফিরে
প্রাক্তন ছাত্রীদের আড্ডা, স্মৃতিচারণসহ দিনব্যাপী নানা আয়োজনে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের তৃতীয় পুনর্মিলনী।
শুক্রবার সকালে জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের পর ঢোল-বাঁশির সুরের সঙ্গে বেলুন উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন হয়।
উদ্বোধনীর আনুষ্ঠানিকতায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বহু বছর পর জীবনের শ্রেষ্ঠ সময় কাটানোর স্থানে আসার অনুভূতি ও উচ্ছ্বাসের সঙ্গে আর পুরনো নানা স্মৃতি রোমন্থন করতে দেখা যায় হলেল প্রাক্তন ছাত্রীদেরকে।
পুনর্মিলনীতে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এসেছিলেন শামসুন্নাহার হলের ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তাকে হলটির আবাসিক ছাত্রী হিসেবে বরাদ্দ দেওয়া হলেও থাকতেন বাসায়; তবে সময় পেলেই প্রতিদিন আড্ডা দিতে চলে যেতেন হলে।
অধ্যাপক ফারজানা বলেন, “আমি প্রতিদিনই বাসা থেকে হলে চলে আসতাম আড্ডা দিতে, গাছে চড়তে আর হলের খাবার খেতে। অনেকেই বলে হলের ডাল নাকি মজা না। আমার সেটাই ভালো লাগত।
“হলের সামনে একটা ছেলে দাঁড়িয়ে থেকে মেয়েদের খুব বিরক্ত করত। আমরা হলের খালা-মামাদের সাহায্য নিয়ে ওকে তাড়িয়েছিলাম। এখনও সেই স্মৃতি আমার প্রায়ই মনে পড়ে”।
অনেককে দেখা যায়, পুরনো বিভিন্ন রুম ঘুরে দেখতে, যেখানে কাটিয়েছেন জীবনের খুব অল্প কিন্তু শ্রেষ্ঠ কিছু সময়।
শিউলি আফসান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার, হলের তুখোড় বিতার্কিক ছিলেন। জীবনে যা অর্জন তার সবটুকুই এখানে হয়েছে মনে করেন তিনি।
তিনি বলেন, “আমি আজকে যা, তার সবটাই এই বিশ্ববিদ্যালয়, এই হল আমাকে দিয়েছে”।
১৯৭১ সালে প্রতিষ্ঠিত শামসুন্নাহার হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে ২০০১ সালে, যার প্রথম সভাপতি ছিলেন অধ্যাপক সুলতানা শফি।
শুক্রবারের পুনর্মিলনী অনুষ্ঠানে অ্যালামনাই এর পৃষ্ঠপোষকতায় বর্তমান পাঁচ ছাত্রীকে বৃত্তি দেওয়া হয়। ১০ জন সফলতম প্রাক্তন শিক্ষার্থী পান বিশেষ সম্মাননা ও উপহার।
সারাদিনের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম উদ্দীপনা ছিল প্রাক্তনদের মধ্যে। সবাই যার যার অবস্থানে প্রতিষ্ঠিত, অনেক বছর পর একে অপরকে দেখে জড়িয়ে ধরছেন, কাঁদছেন।
কাউকে কাউকে হলের বড়ই গাছ দেখিয়ে হাসতে দেখা যায়। বর্তমানে একটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে থাকা আছেন এমন একজনকেও ফেলে আসা দিনে বড়ই চুরির ঘটনা বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে হাসতে দেখা যায়।
সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, খাওয়া দাওয়া আড্ডা শেষে একদিনের জন্য হল জীবনে ফিরে যাওয়ার তৃপ্তি নিয়ে বাড়ি ফেরেন সবাই।
