বুয়েটে প্রাক্তনদের পুনর্মিলনী
শীতের সকালে সবুজ ঘাসে অতীতের স্মৃতি রোমস্থনের মাধ্যমে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের এক মিলনমেলাকে উৎসবমুখর করেছে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তনরা।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বুয়েট খেলার মাঠে হাজির হতে থাকেন দেশ বিদেশে থাকা সহস্রাধিক প্রকৌশলী। ত্রিশের কোটা থেকে শুরু করে আছেন ষাটোর্ধরাও। উদ্দেশ্য বন্ধুদের খুঁজে পাওয়া। পুরনো স্মৃতি রোমন্থন।
সকালে বুয়েট পুনর্মিলনী উপলক্ষে এমনই পরিবেশ তৈরি হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, বুয়েট অ্যালামনাই সংবর্ধনা, খেলাধুলা। সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পুর্নমিলনী উপলক্ষে বর্ণিলভাবে সাজানো হয়েছে বুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠ। এই মাঠের পাশে উদ্বোধনীর নয়নাভিরাম মঞ্চ। মঞ্চের পাশে কফি বুথ, মধ্যাহ্ন ভোজ, নৈশ ভোজনের জন্য প্যান্ডেল। এর পাশে প্রাক্তন শিক্ষার্থীদের শিশুদের জন্য খেলার আয়োজন, যেখানে আছে- বাইস্কোপ, পুতুল নাচ, রাইট, নাগরদোলাসহ আরো অনেক কিছু। শিশুরা সেখানে খেলছে।
আবার শিশুদের জন্য মাঠের দক্ষিণ পাশে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মাঠে পশ্চিম পাশে উপাচার্য কার্যালয়ের সঙ্গে নিবন্ধন বুথ ও স্বাস্থ্যসেবা কেন্দ্র।
মাঠের মধ্য দিনভর আট থেকে ১০ জনের ছোট ছোট দল হয়ে প্রাক্তনদের আড্ডা দিতে দেখা যায়।ছোট ছোট দলে বিভক্ত অতীত দিনের মতোই মধুময় আড্ডায় মজেন সবাই। আবার গল্প আড্ডার ফাঁকে ছবি তুলছেন পুরোনো বন্ধুদের সঙ্গে। সকালে বন্ধুদের সঙ্গে মাঠে কফি নিয়ে আর দুপুরে মধ্যহ্ন ভোজের সময়ও চলে নানা পুরনো স্মৃতির রোমন্থন। এভাবেই নতুন করে বন্ধুদের ভালবাসায় মুখর প্রাক্তনরা।
মঞ্চের পাশে দাঁড়িয়ে গল্পগুজব করে ১৯৭৫ সালে পাশ করা প্রাক্তন শিক্ষার্থী মোফাজ্জাল, আব্দুর রউফ, মুস্তাফিজ খাবিরুল হক চৌধুরীসহ দশজন তিতুমীর হলের বন্ধু। মুস্তাফিজ ক্যামরা নিয়ে ছবি তুলেন সবার।
তাদের বন্ধু প্রকৌশলী সি এম রুহুল আমিন চৌধুরী কানাডায় প্রবাসী।
রুহুল আমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশে সপ্তাহখানে আগে এসেছি। শুধু বন্ধু আর ক্যাম্পাস আড্ডা দিতে।
আরেক কানাডা প্রবাসী প্রকৌশলী সেলিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “অপূর্ব লাগছে, অনেক দিনের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা-আড্ডা। সবচেয়ে বড় কথা আমরা প্রিয় ক্যাম্পাস। এই ক্যাম্পাস আমাকে টেকনিক্যাল শিক্ষা দিয়ে বিশ্বের কাছে পরিচয় করেছি দিয়ে।
“আগে অনেক বিশ্ববিদ্যালয়ের নকলে প্রবণতা ছিল বেশি, সেই সময় কিন্তু বুয়েটে কোনো ধরনে নকল হতো না। এখন এই ঐতিহ্য বুয়েট ধরে রেখেছে এটা সত্যি গর্বের।”
এসেছেন বুয়েট থেকে ১৯৫১ সালে পাস করা সবচেয়ে বয়োজেষ্ঠ অ্যালামনাই প্রকৌশলী ইমাম উদ্দিন চৌধুরী। তার বয়স হয়েছে ৯০ বছর, তিনি সিলেটে থাকেন।
তিনি বলেন, “দেশ বিদেশ নিয়ে অনেক স্মৃতি আমার মনে আছে, কিন্তু বয়সের ভারে আজকে বলতে পারছি না।“
এসেছেন ১৯৬৬ সালে বুয়েট থেকে পাস করা শ্রীলঙ্কার শিক্ষার্থী এডিএন গুনাবর্ধনে ও বাহরাইন থেকে আবদুর রশিদসহ আরো অনেক বিদেশি শিক্ষার্থী, যারা বুয়েট থেকে পড়াশুনা করে তাদের দেশে অবদান রাখছেন।
দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েট অ্যালমনাই এর প্রধান পৃষ্ঠপোষক ও বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম এবং কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড-এর তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক মো. আজিজুর রহমান।
এছাড়া সাবেক উপার্চায অধ্যাপক ইকবাল মাহমুদ ও নুরুদ্দিন আহমেদও এই পুনর্মিলনীতে হাজির হন।
উদ্বোধনীর বক্তব্যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে মানবিক জীবনের অভাব রয়েছে মন্তব্য করে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু আছে, অনেক কিছুই পেয়েছে- অনেক কিছুই পায়নি। সেটা পূরণ করতে হবে। তা না হলে রৈখিক মানুষ, যান্ত্রিক মানুষ হয়ে যাবো। তার সঙ্গে যদি মানবিক জীবন সাংস্কৃতিক জীবনযুক্ত হয় পূর্ণতা পাবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বুয়েটের সাবেক ছাত্র তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও বক্তব্য রাখেন।
তিনি বলেন, “অনেক শিক্ষক আমাকে যত্ন সহকারে লেখাপড়ায় সহযোগিতা করেছে। অনেক কিছু শেখেছি। আমিও কিছুদিন শিক্ষকতা করেছি। সেটা মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিলাম, শিক্ষকতা যে কঠিন সেটা বুঝেছি।”
“বাংলাদেশকে টেকসই উন্নয়নে পথে এগিয়ে যেতে হবে, কখন পাকিস্তানের মতো, মধ্যপ্রাচ্যের পথে নয়। তাই ইঞ্জিনিয়ারদের টেকসই উন্নয়নে কাজ করতে হবে।”
