২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ‘শিবির-সম্পৃক্ত’ শিক্ষার্থীকে মারধর

ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 10:21 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

আহত রিফাত আলম রাজ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে তাকে মারধর করা হয়।

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের সামনে রেদওয়ান, আবির, সৌরভসহ ৩-৪ জন ছাত্রলীগকর্মী রাজকে মারধর করেন।

হামলাকারীরা শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আনিসুর রহমান শিশিরের অনুসারী।

এ বিষয়ে শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ে ঢুকেই দেখি ছাত্রলীগের কয়েকজন কর্মী তাকে (রাজ) মারধর করছে। বিষয়টি দেখার পর আমি তাকে প্রক্টরের কাছে সোপর্দ করি।”

“রাজ ছাত্রশিবিরের কর্মী। এর প্রমাণ আমাদের কাছে আছে,” বলেন তিনি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় আমি মিটিংয়ে ছিলাম। তাই বিষয়টিতে আমার কাছে এখনও অভিযোগ আসেনি। তবে তখন যারা প্রক্টর দপ্তরে ছিল, তারা বিষয়টি সম্পর্কে বলতে পারবে।”

মারধরের শিকার রাজ শিবিরের প্রচার বিভাগের নেতা ছিলেন বলে গত সেপ্টেম্বরে গণমাধ্যমে খবর বেরিয়েছিল।

এ বিষয়ে রাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।