২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সাংবাদিক পেটানোর অভিযোগ

বাসে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে পেটানোর ছবি তোলার সময় একটি বাংলা দৈনিকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদককে পেটানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 07:46 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন বিএনসিসির কার্যালয়ের পাশে এ ঘটনায় আহত মুহাম্মদ মুসা দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যকরী সদস্য।

তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওই দুই নেতা নিজেরা মুসাকে মারধরে জড়িত থাকার কথা অস্বীকার করলেও জুনিয়র কর্মীরা যে তাকে মারধর করেছে তা নিশ্চিত করেছেন।

মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বি নামের সাভারের এক যুবক বিআরটিসির যাত্রীবাহী বাস থেকে চাঁদা তুলছিলেন- এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।পরে ওই যুবককে ধরে প্রক্টর অফিসে নিতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ও তার অনুসারী ছাত্রলীগকর্মীরা তাকে ছিনিয়ে নিয়ে মারধর শুরু করে।

“আমি মারধরের ছবি তুলতে গেলে রাজিব ও বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান আকন্দ আমাকে চড়-থাপ্পর মারেন। পরে ছাত্রলীগকর্মী, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র রবিউল ইসলামের নির্দেশে ৮-১০ জন আমাকে উপর্যুপুরি কিল-ঘুষি লাথি মারতে থাকে।”

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী বলেন, মুসা ভিডিও করতে থাকলে প্রথমে রাজিব আহমেদ রাসেল ও মোর্শেদুর রহমান তাকে মারধর করে। পরে ছাত্রলীগের ৮-১০ জন জুনিয়র কর্মী মুসাকে উপর্যুপুরি কিল-ঘুষি-লাথি মারতে থাকে।

মুসাকে মারধরে জড়িত থাকার কথা অস্বীকার করে ছাত্রলীগ নেতা রাজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ছেলে ভিডিও করছে দেখে তাকে চাঁদাবাজ মনে করে জুনিয়ররা তাকে মারধর করে। পরে যখন জানতে পারি সে সাংবাদিক, তখন তাকে ছেড়ে দেওয়া হয়।”

মোর্শেদুরের বক্তব্য একই: “চাঁদাবাজ যুবককে উৎসুক কিছু ছাত্রলীগকর্মী মারধর করছিল। এসময় মুসা ভিডিও করায় তাকেও মারধর করে জুনিয়ররা।”

মুসার উপর হামলার নিন্দা জানিয়ে জাবি প্রেস ক্লাবের সভাপতি রিজু মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সংগঠনের কার্যকরী সদস্য মুসাকে মারধরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”

তদন্ত করে ঘটনা সত্য হলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

তিনি সাংবাদিকদের বলেন, “আমি চট্টগ্রামে আছি। বিষয়টা আমি শুনিনি।”

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, “মুসা আমাদের কাছে অভিযোগ করলে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”