ঢাবি শাখা ছাত্রলীগের ‘হল সম্মেলন’ ২৭ নভেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখায় নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে আগামী ২৭ নভেম্বর সম্মেলনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত করেন।
মোতাহার হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এ সম্মেলন হবে।
প্রথমবারের মতো সম্মেলনের মাধ্যমে হল শাখার নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
“আশা করি যোগ্য এবং বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিকেরা কমিটিতে স্থান পাবেন। কমিটিতে অনুপ্রবেশকারী বা বিতর্কিতদের ঠাঁই হবে না।”
এর আগে ২০১৩ সালের ১ এপ্রিল বিভিন্ন হল শাখা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ ছিল এক বছর। কিন্তু মেয়াপূর্ণ হওয়ার দীর্ঘ আড়াই বছর পরেও হল কমিটি গঠিত হয়নি।
