২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের নাসিরনগর হামলার প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে পাঁচদিনের ব্যবধানে দুই দফা হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 08:09 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও টিএসসিভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আলাদা দুটি মানববন্ধন করে এসব দাবি জানায়।

সকালে শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধন ও সমাবেশ হয় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে।

শিক্ষক নেতা অধ্যাপক আফতাব আলী শেখের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আকতারুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি নিজামুল হক ভুঁইয়া, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক শফিউল আলম ভুঁইয়া, অধ্যাপক অসীম সরকার, অধ্যাপক আবুল বারকাত, অধ্যাপক মিহির লাল সাহা।

সমাবেশের বক্তব্যে নাসিরনগরে হামলায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণের পাশাপাশি মন্দির নির্মাণ করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আকতারুজ্জামান।

তিনি বলেন, “এ ধরনের ঘটনায় শুধু দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তা নয়, বরং বৈদেশিক রাজনীতিরও সম্মুখীন হতে হচ্ছে।”

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “যখন দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে, দেশ থেকে জঙ্গি নির্মূলের চেষ্টায় আমরা সফল হচ্ছি; সেই মুহূর্তে আমাদের মূলনীতির বিরুদ্ধে একদল মানুষ দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এ সুযোগ তাদেরকে কখনও দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, ‍“এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন থেকে আমরা আর প্রতিবাদ করব না প্রতিরোধ করব। আইনশৃঙ্খলা বাহিনী যদি কয়েকজন ধরে জণগণকে বোকা বানাতে চায় তা আমরা মেনে নেব না।”

অধ্যাপক অসীম সরকার তারা কেন ‘সংখ্যালঘু’ হবেন প্রশ্নে রেখে বলেন, “আমরা সংখ্যালঘু না। আমরাও এ দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, এদেশের উন্নয়নে অবদান রেখে চলছি। তাহলে আমরা সংখ্যালঘু হবো কেন?

“আমরা ভীত সন্ত্রস্ত, আমরা রাতে ঘুমাতে পারি না। কোনো অপরিচিত লোকের সাথে দেখা করতে ভয় পাই। আমরা কেমন যেন নিরাপত্তাহীনতার মধ্যে আছি, এ অবস্থা থেকে মুক্তি চাই ।”

অধ্যাপক আবুল বারকাত বলেন, “দেশে এখন বিচারহীনতার সংস্কৃতি বিরাজ করছে। ভয়ভীতির সংস্কৃতি বিরাজ করছে। হিন্দুদের সম্পত্তি দখল করছে এক শ্রেণির মানুষ। তারা এ দেশের অসাম্প্রদায়িক চেতনাকে স্থায়ীভাবে রোধ করতে এই ষড়যন্ত্র শুরু করেছে।”

অর্থনৈতিক ও ধর্মীয়- এই দুই কারণে নাসিরনগরে হামলা হয়েছে মন্তব্য করে অধ্যাপক শফিউল আলম ভূইয়া বলেন, “নাসিরনগর, রামুসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় দেশের অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

এদিকে নাসিরনগর হামলার প্রতিবাদে টিএসসিভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিখা চিরন্তনের সামনে এক মানববন্ধন হয় দুপুরে।

এতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সাম্প্রদায়িক শক্তির বিষবাষ্প নিশ্চিহ্ন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে আমরা কখনো সাম্প্রদায়িক শক্তির উত্থান দেখতে চাই না। সাম্প্রদায়িক শক্তির বিষবাষ্প নিশ্চিহ্ন করতে হবে এবং তাদের অপতৎপরতা রোধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

মানববন্ধনে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ, ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান শানন, ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি প্যারিস তালুকদার, ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক দেলেলায়ার তাহা, কুইজ সোসাইটির সভাপতি আহমেদ রেজাসহ অন্যরা বক্তব্য দেন।