২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে হামলার ঘটনায় ঢাবি শিক্ষক সমিতির প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 08:21 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

বৃহস্পতিবার সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন এবং সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা রক্ষায় সরকারকে আরো কঠোর অবস্থানে থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়।

বিবৃতিতে এই হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত, ন্যাক্কারজনক ও উগ্রবাদী’ আখ্যায়িত করে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এতে বলা হয়, “আমরা সরকারের কাছে এসব ধর্ম ব্যবসায়ী, উগ্রবাদী সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধান ও ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাই।

“হামলাকারী এই ধর্ম ব্যবসায়ীরা যেন বাংলাদেশকে পাকিস্তানের প্রতিরূপ হিসেবেই দেখতে চায়। অতীতে আইনের ফাকফোঁকর দিয়ে এসব উগ্রবাদীরা বেরিয়ে গিয়ে আরও সংগঠিত হয়ে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।”

বিবৃতিতে আরো বলা হয়, “বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় যারা মেতে উঠেছে, তারা যত শক্তিশালীই হোক না কেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”