মুঠোফোনে প্রশ্নপত্র: জগন্নাথের ভর্তি পরীক্ষায় আটক ৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মুঠোফোনে প্রশ্ন পাওয়ার অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
এরা হলেন- রাজন খান, আল মামুন, মেহেদী হাসান, হৃদয় হাসান ও তাহমিনা ইসলাম ইভা।
শুক্রবার বেলা ৩ টার দিকে পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময় তাদের আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশ্ন জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকায় পাঁচ পরীক্ষার্থীকে আটক করে সূত্রাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কিভাবে প্রশ্ন জালিয়াতি করেছে- জানতে চাইলে তিনি বলেন, “তাদের মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়া গেছে, যার বেশ কয়েকটি ভর্তি পরীক্ষার প্রশ্নের সাথে মিলে গেছে।”
সূত্রাপুর থানার ওসি কে এম আশরাফ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, পরীক্ষাটা শেষ হওয়ার পর বিকাল ৪টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্ন জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় পাঁচ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ করেছে।
“তাদের বিরুদ্ধে মামলা করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব।”
আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান প্রক্টর অধ্যাপক নূর মোহাম্মদ।
এদিকে ‘ডি’ ইউনিটের ভর্তির জন্য পরীক্ষা কেন্দ্রে দেরি করে প্রবেশের কারণে শতাধিক পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।
এবিষয়ে প্রক্টর বলেন, “যারা দেরিতে এসেছে, পরীক্ষার নিয়ম অনুযায়ী তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি। কারণ স্পষ্টভাবে উল্লেখ করা আছে, দেরিতে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।”
এবার ২২টি কেন্দ্রে বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৫৯০টি আসনের (মানবিক- ৩৬০, বিজ্ঞান-১৪৪, বাণিজ্য ও অন্যান্য-৮৬) বিপরীতে পরীক্ষায় অংশ নিতে ৪৮ হাজার ১২ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।
