২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক বিক্রেতা অভিযোগে ঢাবির হলে বহিরাগত আটক

মাদক বিক্রির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 10:18 PM

Updated : 20 Aug 2022, 01:54 PM

বৃহস্পতিবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী।

আটক আমিনুল ইসলাম হলের যমুনা ব্লকের ৭০০৯ নম্বর কক্ষের এক ছাত্রলীগ কর্মীর কাছে নিয়মিত আসা-যাওয়া করতেন। মোহম্মাদপুরে তার একটি ওষুধের দোকান রয়েছে।

তিনি যার কাছে আসা-যাওয়া করতেন সেই আরিফ শেখ বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সম্পর্ক বিভাগের মাস্টাসের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স গ্রুপের পক্ষ থেকে বিজয় একাত্তর হল ছাত্রলীগের পদ প্রত্যাশী প্রার্থী।

আমিনুলকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষকরা আটক করে প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করেন।

শাহবাগ থানার ওসি আব বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক বিক্রির অভিযোগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের একাত্তর হল থেকে আমিনুলকে আটক করে হল প্রশাসন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করার পর বৃহস্পতিবার তাকে ৫৪ ধারায় কোর্টে চালান দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে হলের এক আবাসিক শিক্ষক জানান, মাদক নিয়ে এক ব্যক্তি হলে প্রবেশ করেছে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৩টার দিকে হলের যমুনা ব্লকের ৭০০৯ নং কক্ষে আকস্মিক অভিযান চালানো হয়। তবে মাদক না পেলেও ওই কক্ষ থেকে আমিনুলকে আটক করা হয়।

এদিকে মোটর সাইকেল দুর্ঘটনায় অসুস্থ থাকার কারণে আমিনুল তাকে দেখতে এসেছিলেন বলে দাবি করেছেন ছাত্রলীগের কর্মী আরিফ শেখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি মোটর সাইকেল দুর্ঘটনায় অসুস্থ থাকার কারণে উনি আমাকে দেখতে এসেছে। হল প্রশাসনের অনুমতি ছাড়া হলে থাকায় হলে শিক্ষকরা সন্দেহভাজন হিসেবে উনাকে থানাতে দেন।”

ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‍“হল প্রশাসনের সঙ্গে কথা বলেছি, আমিনুল কোনো মাদক ব্যবসায়ী না। তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি।”

হলের আবাসিক শিক্ষকরা ‘এক বহিরাগতকে’ আটক করে পুলিশে দিয়েছে বলে ঘটনার বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক এ জেড এম শফিউল আলম ভূইয়া।

প্রক্টর এম আমজাদ আলী বলেন, “মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বহিরাগতকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে; আমি এটুকুই জানি। বিষয়টি হল প্রশাসন আরো ভালো বলতে পারবে।”