২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যামফোর্ডে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার

শিক্ষকদের সঙ্গে ‘অসদাচারণকারী’ দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পর কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 07:18 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

গত ২৯ সেপ্টেম্বর থেকে শুরু করে কর্মবিরতি মঙ্গলবার প্রত্যাহারের পর বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ফের ক্লাস-পরীক্ষা চলবে বলে জানান স্ট্যামফোর্ডে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ নাহিদ নিয়াজী।

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো দুই কর্মকর্তা হলেন- বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ফাইন্যান্স মো. জহেরুল হক খান এবং চিফ অ্যাকাউন্ট অফিসার মো. শহিদুল হক।

শিক্ষকদের দাবির মুখে মঙ্গলবার এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের পর বুধবার থেকে তা কার্যকর হবে বলে এক দাপ্তরিক আদেশ জারি করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল মতিন।

এই দুই কর্মকর্তা শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন অভিযোগে তাদের অপসারণ চেয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি শুরু করে স্ট্যামফোর্ডের শিক্ষক সমিতি।

কর্মবিরতি শুরুর পাঁচদিন পর মঙ্গলবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা ডেকে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সমিতির নেতা ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শেখ নাহিদ নিয়াজী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অগাস্ট মাসের বেতন না পেয়ে গত ২৯ সেপ্টেম্বর প্রায় ১০০ শিক্ষক অ্যাকাউন্টসে গিয়ে দেরি হওয়ার কারণ জানতে চান। এতে ক্ষেপে গিয়ে ওই দুই কর্মকর্তা শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

এরপর ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে কর্মবিরতিতে যায় শিক্ষকরা। সেই সঙ্গে সময় মত বেতন পরিশোধেরও দাবি জানানো হয়।

ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এরই মধ্যে শিক্ষকদের অগাস্ট মাসের বেতনও পরিশোধ করে দেওয়া হয়েছে বলেও জানান নাহিদ।