ঢাবিতে দুই দিনব্যাপী এশিয়ান চলচ্চিত্র উৎসব শুরু
‘দেশীয় পর্দায় এশীয় চলচ্চিত্র’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী এশিয়ান চলচ্চিত্র উৎসব।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমসিজে ফিল্ম ক্লাব আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, হংকং, ইরান, জাপান এবং বাংলাদেশ এই সাত দেশের সাতটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
শুরুর দিন বিকালে চীনের চলচ্চিত্র ‘হাউজ অব ফ্লাইং ড্যাগার্স’, বিকাল ৪টায় দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘থ্রি আয়রন’, সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের চলচ্চিত্র ‘পিকে’ প্রদর্শন করা হয়।
উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার বেলা ১১টায় হংকং-এর চলচ্চিত্র ‘ইন দ্যা মুড ফর লাভ’, দুপুর দেড়টায় ইরানের চলচ্চিত্র ‘আ সেপারেশন’, বিকাল ৪টায় জাপানের চলচ্চিত্র ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশের চলচ্চিত্র ‘রানওয়ে’ প্রদর্শন করা হবে।
প্রতিটি চলচ্চিত্রের দর্শনী মূল্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
উৎসবের উদ্বোধনীতে অভিনেত্রী সারাহ বেগম কবরী, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, নির্মাতা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমসিজে ফিল্ম ক্লাবের মডারেটর সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।
