২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্র ইউনিয়নের সম্মেলন

ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সংসদের ৩১তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 09:49 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক শফিউদ্দিন আহমেদ।

‘বিশ্ববিদ্যালয় অনুগত দাস তৈরির কারখানা নয়’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনীতে শফিউদ্দিন আহমেদ বলেন, যখনই এই বদ্বীপে বাঙালি জাতির ক্রান্তিলগ্ন উপস্থিত হয়েছে, তখনই ছাত্র ইউনিয়ন বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের আরো পরিশ্রমী ও সংগ্রামী  হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সারা দেশে শিক্ষা বাণিজ্যকে প্রতিরোধ করে সকল বিশ্ববিদ্যালয়গুলোকে জনগণের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হলে পরিশ্রমী ও সংগ্রমী  ছাড়া কোনো বিকল্প নেই।

বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক ছাত্র ইউনিয়ন সভাপতি হাসান তারেক, কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার ও কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তারেক সোহেল। 

অন্যদের মধ্য কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, সাংগঠনিক সম্পাদক সুমন সেনগুপ্তসহ বিভিন্ন কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেষে একটি র‌্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনের রাস্তা হয়ে টিএসসি চত্বরে এসে শেষ হয়। এর পরে বিকাল ৫টায় রাজু ভাস্কর্যে সাংস্কৃতিক পরিবেশনা হয়।