২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদনী চক মার্কেটে ৩ ঢাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

রাজধানীর নিউ মার্কেট এলাকার একটি কাপড়ের দোকানে গিয়ে কেনাকাটা না করায় দোকান কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ তিন শিক্ষার্থীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 01:33 AM

Updated : 20 Aug 2022, 01:35 PM

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিউ মার্কেট এলাকার চাঁদনী চক মার্কেটে এ ঘটনা ঘটে।

মারধরে আহত শিক্ষার্থীদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেহেদী হাসান ও ইসলামিক স্টাডিজ বিভাগের হোসাইন আল মামুন রয়েছেন। ওই ছাত্রীসহ তিনজনেই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মেহেদী ও মামুন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরপর ওই দোকানের মালিকসহ হামলাকারী কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন মেহেদী।

মামলার পর দোকান মালিক এনায়েত মালকে (৪০) আটক করা হয়েছে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শিক্ষার্থীদের মারধরে দোকানদার এনায়েত এবং দোকানের কর্মচারী নূর ইসলাম (৪৫) ও জাকির (৩০) সহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনের নামে থানায় মামলা হয়েছে ।

আহত শিক্ষার্থী মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন বন্ধু পোশাক কিনতে ওই দোকানে গেলে দোকান মালিক এনায়েত বলেন ‘দাম ফিক্সড‘। কিন্তু জিনিস পছন্দ না হওয়ায় আমরা চলে আসতে গেলে পেছন থেকে এনায়েত ডেকে বলেন, ‘জিনিস কিনবেন না, হাত দিয়ে ধরলেন কেন?’ এসময় অকথ্যভাষা গালিগালাজ করেন তিনি।

“প্রতি উত্তরে আমি বলি, জিনিস দেখে পছন্দ হয়নি, আপনি কাস্টমারের সাথে এরকম আচরণ করতে পারেন না।”

কথা কাটাকাটির এক পর্যায়ে এনায়েতসহ তার দোকানকর্মীরা তাকে কিলগুশি দেয় ও মারধর করে বলে অভিযোগ করে মেহেদী বলেন, এরপর তার দুই বন্ধু এগিয়ে এলেও তাদেরও মারধর করে।

“আমার গলা টিপে ধরে বলে, ‌‘তোকে মেরে ফেললে কেউ কিছু করতে পারবে না’।”

আশপাশের আরও ৫/৬ জন দোকানিও তাদের মারধর করে অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র বলেন, তাদের তিনজনের সঙ্গে থাকা টাকা পয়সাও ছিনিয়ে নেওয়া হয়। পরে উপস্থিত লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, “তিন শিক্ষার্থী কেনাকাটা করতে গেলে দোকানদাররা তাদের মারধর করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এনায়েত নামে ওই দোকানদারকে আটক করেছে।”