শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জগন্নাথ কর্তৃপক্ষের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘একখণ্ড জমি পাওয়ার’ দাবির বিষয়ে সরকারের সর্বোচ্চ মহল বিবেচনা করছে জানিয়ে চলমান হল আন্দোলন ছেড়ে শ্রেণিকক্ষে ফিরতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ‘জমির বিষয়ে সরকারের সর্বোচ্চ মহল থেকে আশ্বাস পাওয়া গেছে’ জানিয়ে শিক্ষার্থীদেরকে একাডেমিক কার্যক্রমে ফেরার এই আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।
বিবৃতিতে কর্তৃপক্ষ বলছে, “বর্তমানে ছাত্রীদের জন্য ১০০০ আসনের একটি হল নির্মাণাধীন এবং ছাত্রদের জন্য আরও দুইটি হল নির্মাণের কাজ প্রক্রিয়াধীন আছে। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গার ব্যবস্থা করার বিষয়টি সরকারের সর্বোচ্চ মহল বিবেচনা করছে বলে আমাদের জানানো হয়।”
ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় জগন্নাথের হল নির্মাণের দাবি জানিয়ে গত ২ অগাস্ট থেকে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাই ২০১৪ সালের পর গত ১৪ অগাস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার জায়গাটির জন্য সরকারের কাছে আবেদন করে।
অন্যদিকে পুরান ঢাকাবাসী এর বিরোধীতা করে বিভিন্ন কর্মসূচি পালন করছে, ফলে হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পুরান ঢাকাবাসীর সাথে শুক্রবার আলোচনার ঘোষণা দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীরাও পুরান ঢাকায় জনসংযোগের ঘোষণা দিয়েছে।
পুরান ঢাকাবাসীর আপত্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, “পুরানো ঢাকা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির সাথে এলাকাবাসীর পাল্টা-পাল্টি অবস্থান একেবারেই কাম্য নয়।”
ঐতিহ্যগতভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তথা সাবেক জগন্নাথ কলেজের সাথে পুরানো ঢাকাবাসীর সম্পর্ক নিবিড় ছিল এবং ভবিষ্যতেও থাকবে আশা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুরানো ঢাকার কেন্দ্র্রীয় কারাগারের জায়গাটি বরাদ্দ চাওয়া হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল দাবি একখণ্ড জমি পাওয়া।
তবে কাছাকাছি কোনো খালি জায়গা পাওয়ার সম্ভাবনা না থাকায় শিক্ষার্থীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গাটি বরাদ্দের দাবি জানায়।
ছাত্রদের এই দাবির প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সরকারকে পরিত্যক্ত জায়গাটি জগন্নাথের অনুকূলে বরাদ্দের আবেদন জানায় বলে কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়।
এতে বলা হয়, “এ জায়গায় কি করা হবে তা বিস্তারিতভাবে জানা না থাকায় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবরের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল থেকে সিদ্ধান্ত নিয়ে সরকারকে জানানো হয়- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার স্মৃতি রক্ষার্থে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যে সকল স্থাপনা তৈরি করা হবে এবং পরবর্তীতে এখানে যে সকল অনুষ্ঠানাদির আয়োজন করা হবে তা করার সক্ষমতা অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশি রয়েছে। তাই ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বরাদ্দ করার জন্য সরকারকে একাডেমিক কাউন্সিল আবেদন জানায়।”
আর পুরনো বেদখল হলগুলো উদ্ধারে দীর্ঘদিনের দাবির বিষয়ে বিবৃতিতে বলা হয়, “বেদখল হওয়া হলগুলো ১৯৮৫ সালেই হাতছাড়া হয়ে যায়। ওইসব স্থাপনা পুনঃদখল করা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের কাজ বা দায়িত্ব হতে পারে না। এগুলো পুনঃউদ্ধার করে মালিকানা স্বত্ত্বসহ বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব।”
জায়গার অভাবে শিক্ষার্থীদের আবাসন চরম সংকটের মধ্যে রয়েছে জানিয়ে এই সঙ্কট উত্তরণে হল পুনরুদ্ধারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে উদ্যোগী হওয়ার পাশাপাশি সুবিধাজনক স্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি জায়গার ব্যবস্থা করার জন্য বিবৃতিতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
