২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যোগ‌্যরা’ বাদ; জাবিতে প্রভাষক হচ্ছেন ‘শিবিরকর্মী’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগে অস্থায়ী প্রভাষক পদে তুলনামূলক ‘যোগ্য’ প্রার্থীদের বাদ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীকে নিয়োগের প্রক্রিয়া চলছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 08:24 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

গত ৩০ অগাস্ট অনুষ্ঠিত লোক-প্রশাসন বিভাগের সিলেকশন বোর্ডের সভায় আবু সাইফ মোহাম্মদ তৌহিদুল আলম পুলক নামের ওই প্রার্থীকে অস্থায়ী প্রভাষক পদে নিয়োগের সুপারিশ করা হয়, যা অনুমোদনের জন‌্য এই সপ্তাহে সিন্ডিকেট সভায় ওঠার কথা।

এই বিভাগের দুজন স্থায়ী এবং একজন অস্থায়ী প্রভাষক পদে নিয়োগের জন্য উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ওই সিলেকশন বোর্ডের অন‌্য সদস্যরা হলেন বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক মো. শায়রুল মাশরেক।

প্রভাষক পদে চাকরি প্রার্থীদের মধ‌্যে পুলকের চেয়ে ভালো ফলাফলধারী থাকলেও তাদের বিবেচনায় নেওয়া হয়নি বলে অনুসন্ধানে দেখা যায়।

আবেদনকারীদের ফল বিশ্লেষণ করে দেখা যায়, স্নাতকে ৩.৫৪ সিজিপিএসহ নবম এবং স্নাতকোত্তরে নন থিসিস গ্রুপে (অভিসন্দর্ভ/ গবেষণাপত্র ছাড়া) ৩.৮০ সিজিপিএসহ প্রথম হন পুলক।

অন্যদিকে পুলকের তুলনায় স্নাতকে ৩.৮১, ৩.৬৮, ৩.৭০ এবং যথাক্রমে স্নাতকোত্তরে ৩.৮৭, ৩.৯৪, ৩.৮০ সিজিপিএসহ আবেদনকারীও ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আবেদনকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে নন থিসিসধারীদের নিয়োগ দিলে বিভাগে থিসিস রাখারই বা দরকার কী?

“পুলকের তুলনায় আবেদনকারী অধিকাংশের ফলাফল ভালো, তারপরও পুলককে কেন নিয়োগের প্রক্রিয়া চলছে তা বুঝতে পারছি না।”

বিশ্ববিদ‌্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে যেসব শিবিরকর্মীদের শনাক্ত করে বের করে দেওয়া হয়, তার মধ‌্যে আল বেরুনী হলের সম্প্রসারিত ভবনের পুলকও ছিলেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও বর্তমানে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সোহেল পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলক শিবির করত বলে আমরা হল থেকে তাকে বের করে দিয়েছিলাম। এরপর থেকে সে আর কখনও হলে থাকতে পারেনি।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‌্যালয়ে ছাত্র শিবিরের কার্যক্রম চালাতে না দেওয়ায় সব ছাত্র সংগঠনের মতৈক‌্য রয়েছে।  

তবে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে পুলক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বিরুদ্ধে এ অভিযোগ আদৌ সত্য নয়। আমি বিয়ে করে স্ত্রীসহ সাভারে থাকতাম, এজন্য হলে থাকতাম না।”

লোক প্রশাসন বিভাগের একাধিক শিক্ষক-শিক্ষার্থী জানান, পুলকের সঙ্গে বিভাগের সভাপতি ছায়েদুর রহমানের সখ্য রয়েছে। তারা যৌথভাবে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও এনআইএলডির অধীনে দুটি গবেষণাপত্র প্রকাশে কাজ করেছেন।

সাবেক সহকারী প্রক্টর ছায়েদুর রহমানের বিরুদ্ধে লোকপ্রশাসন বিভাগে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছিল।

তুলনামূলক ‘যোগ্যদের’ বাদ দিয়ে পুলককে নিয়োগের সুপারিশের বিষয়ে জানতে চাইলে ছায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিলেকশন বোর্ড রেজাল্ট, ভাইভা, পারফরমেন্স সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নেয়। সিলেকশন বোর্ডের নিয়োগ প্রক্রিয়া অবশ্যই ফেয়ার হয়েছে।”

এই বিষয়ে জানতে চাইলে সিলেকশন বোর্ডের সদস্য অধ্যাপক শায়রুল মাশরেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না- প্লিজ, প্লিজ, প্লিজ।”

সিলেকশন বোর্ডের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।