২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলের দাবিতে জগন্নাথ শিক্ষার্থীদের আলাদা কর্মসূচি

হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদা কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2016, 03:43 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

‘হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ’ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনশন ধর্মঘট পালন করে। এতে সক্রিয় ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

অন্যদিকে সকাল ১০টাথেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ-সমাবেশ করে সাধারণ শিক্ষার্থী ব‌্যানারে আন্দোলনকারীরা, যাতে সক্রিয় রয়েছেন বাম ছাত্র সংগঠনগুলো।

হলের আন্দোলনের মধ‌্যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল।বিভিন্ন বিভাগেও ক্লাস পরীক্ষা বন্ধ ছিল।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিত‌্যক্ত জায়গাটি হলের জন‌্য চেয়ে সপ্তাহখানেক ধরে ‘সাধারণ শিক্ষার্থী’ ব‌্যানারে আন্দোলন চলার পর তাতে চড়াও হয়েছিল ছাত্রলীগ।

রোব ও সোমবার ছাত্রলীগের ‘মারধরের কারণে’ ‘সাধারণ শিক্ষার্থী’রা পুরান ঢাকার ক‌্যাম্পাসে কর্মসূচি পালন করতে পারেনি।

এর মধ‌্যে ‘হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ’ ব‌্যানারে ক‌্যাম্পাসে কর্মসূচি পালন শুরু হয়, যে পরিষদের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ছাত্রলীগের বিশ্ববিদ‌্যালয় শাখার সভাপতি শরীফুল ইসলাম।

মঙ্গলবার ক‌্যাম্পাসে তাদের কর্মসূচি থেকে পরিত্যক্ত কারাগারের জায়গায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতার নামে চারটি হল নির্মাণ, কেরানীগঞ্জে হল নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে বাংলাদেশ ব্যাংকের শাখা সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

পরিষদের আহ্বায়ক শরীফ বলেন, আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে তাদের। তবে জামায়াতে ইসলামী হরতালের দিন বুধবারতাদের অবস্থান কর্মসূচি থাকবে না।

Image
ক‌্যাম্পাসে হল ‍পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের অনশন

ক‌্যাম্পাসে হল ‍পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের অনশন

পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ‌্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, তবে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি আমরা দেব না।”

সরকার সমর্থক তিন সংগঠন ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রমৈত্রী ও জাসদ ছাত্রলীগের নেতৃত্বে ২০১৪ সালে ‘হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ’গঠিত হয়েছিল; তখন বেদখল নজরুল ইসলাম হলটি উদ্ধার হয়।

এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানানো হয় এবং অবিলম্বে হল নির্মাণে প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট ঘোষণা দাবি করা হয়।

ছাত্রলীগ নেতৃত্বাধীন ব‌্যানারে আন্দোলনের দিকে ইঙ্গিত করে তারা বলেন, একটি মহল এ আন্দোলনকে বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বেলা ১টা পর্যন্ত কর্মসূচি পালনের পর ‘সাধারণ শিক্ষার্থী’দের সংগঠক মনিরুল ইসলাম রাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুস্পষ্ট কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

জামায়াতের হরতালের দিন কোনো কর্মসূচি থাকছে না সাধারণ শিক্ষার্থীদেরও। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে তারা।