‘পিছিয়ে যাচ্ছে’ জগন্নাথ ছাত্রলীগের সম্মেলন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ থাকলেও তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংগঠনটির একাধিক নেতাকর্মী জানিয়েছেন।
কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম সম্মেলন হওয়ার কথা।
তবে কোরবানির ঈদের আগে সম্মেলন হচ্ছে না বলে নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটির নেতাকর্মীরা বলছেন, সম্মেলন পেছানোর বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ এখনও আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানায়নি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রীয় ছাত্রলীগ ওভাবে আমাদের সাথে কথা বলেনি… মৌখিকভাবে বলেছে। ওনাদের
সাথে বসে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব।”
কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে সমন্বয় করে খুব শিগগির সম্মেলন আয়োজনের পর নতুন কমিটি ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্মেলন পেছাতেও পারে। সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।”
সম্মেলনের জন্য বর্তমানে যে সময় নির্ধারিত রয়েছে তার আগে শোকের মাস অগাস্টের কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় প্রস্তুতি কার্যক্রম শুরু করা যায়নি, আর এ কারণেই সম্মেলন পেছানোর চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান এই ছাত্রলীগ নেতা।
“এখন আমরা আগস্টের কর্মসূচি নিয়ে ব্যস্ত আছি। তাই এখনই সম্মেলনের প্রস্তুতি শুরু করতে পারছি না। এছাড়াও আগামী ১২ সেপ্টেম্বর কোরবানির ঈদ হবে। ফলে ঈদের আগে ক্যাম্পাসে সম্মেলনের সেই আবহ তৈরি হবে না। সে কারণেই সম্মেলন পেছানোর কথা চিন্তা করছি আমরা।”
এর আগে ২০১৫ সালের ১৩ অগাস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শোক দিবসের আলোচনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছিলেন, সম্মেলনের মাধ্যমেই জগন্নাথ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে।
