২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলের দাবিতে জগন্নাথে শিক্ষার্থীদের প্রতিবাদ

হলের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের আল্টিমেটাম দেওয়ার পাশাপাশি কার্টুন এঁকে প্রতিবাদে অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 10:12 PM

Updated : 12 Apr 2022, 02:39 AM

দুই দিনব্যাপী এ প্রতিবাদী কার্টুন প্রদর্শনীর জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মাসুক চত্বরকে বেছে নেয়।

গত বছর সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুক মারা যাওয়ার পর হলের দাবিতে ফুঁসে উঠেছিল জগন্নাথ।

রোববার শুরু হওয়া এ প্রদর্শনীতে কার্টুনের মাধ্যমে হলের কারণে আর্থিক সমস্যা, ব্যাচেলরদের ভোগান্তি, পানি সংকট, যাতায়াত ভোগান্তিসহ নানা সমস্যার চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলের দাবি আমাদের প্রাণের দাবি হলেও কর্তৃপক্ষই তা আমলে নিচ্ছে না। সে কারণেই কার্টুনের মাধ্যমে আমাদের সমস্যা তুলে ধরতে চেয়েছি।”

এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যা‌ফে‌টে‌রিয়ায় এক সংবাদ স‌ম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ফিন্যান্স ১১তম ব্যা‌চের শিক্ষার্থী রাজন শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের আল্টিমেটাম দেন।

তিনি বলেন, “আগামী ১৬ অগাস্ট পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূ‌চি পালন করা হ‌বে। এছাড়া ১৬ অগাস্ট ক্যাম্পাসে প্রতিবা‌দী সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের আয়োজন করা হবে।”

বেঁধে দেওয়া সময়ের মধ্যে হল নির্মাণে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পেলে ১৭ অগাস্ট শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার হুমকি দেওয়া হয় ওই সংবাদ সম্মেলনে।

গত ২ আগস্ট থেকে ঢাকার পরিত্যক্ত কারাগারে হলের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।