২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের হল আন্দোলন: ক্লাস-পরীক্ষা বর্জনে সাড়া নেই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হলের দাবিতে আন্দোলনকারীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিলেও তাতে সাধারণ শিক্ষার্থীদেরকে জোরালো সাড়া দিতে দেখা যায়নি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 06:35 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

সোমবার হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বদরুজ্জামান গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

তবে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগেই নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ভূগোল বিভাগের শিক্ষার্থী অনিক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুটিন অনুযায়ী বিভাগের সব ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই আমরা ক্লাস করছি।”

সপ্তম ব্যাচের শিক্ষার্থী মাহবুব খোকন বলেন, “সব বিভাগেই ক্লাস হয়েছে। আমরাও ক্লাস করেছি।”

অন্যদিকে দুপুরের দিকে কয়েকজন শিক্ষার্থীকে হলের দাবিতে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগাতে দেখা যায়। তবে পাঁচ মিনিটের মধ্যে আন্দোলনকারীরাই তালা খুলে চলে যায়।

আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ না থাকার বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থী বদরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষকরা জোর করে ক্লাস নেওয়ায় অনেক শিক্ষার্থী আন্দোলনে অংশ নিতে পারেন নি।

প্রধান ফটকে তালা ঝুলানোর পরপরই আন্দোলন থামিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, অনেকের পরীক্ষা ছিল। সে কারণেই ফটক খুলে দেওয়া হয়েছে।

পরবর্তী কর্মসূচি সম্পর্কে বদরুজ্জামান বলেন, বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বর্জন চলবে। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্প্রতি কয়েকটি জঙ্গি হামলার প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাচেলর হওয়ায় ভাড়া বাসায় থাকতে নানা ধরনের সমস্যার কথা তুলে ধরে ফেইসবুকে সরব হয়ে ওঠেন।

পরে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের একটি ফেইসবুক পেইজের আহ্বানে ক্যাম্পাসে হলের দাবিতে গত ৩ অগাস্ট আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরবর্তীতে পেইজটি থেকে আন্দোলন বর্জনের ঘোষণা দেওয়া হয়।

তবে কিছুসংখ্যক শিক্ষার্থী বিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে গেলেও এখনও কাউকে নেতৃত্বে আসতে দেখা যায়নি।