২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে আই ল্যাবের উদ্বোধন

শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাদের মধ্যে উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে যাত্রা শুরু করল ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন ল্যাবরেটরি (ডিইউ আই ল্যাব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন সংলগ্ন পুরাতন সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাবের কার্যক্রমের উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

উদ্বোধনীতে আই ল্যাবের কার্যক্রম সম্পর্কে জানান এর পরিচালক মো. রাশেদুর রহমান।

তিনি বলেন, ‍“ডিইউ আই ল্যাব গবেষণা, কর্মশালা, প্রতিযোগিতা ও সেমিনারসহ নানা মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে উদ্ভাবনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেবে।

“উদ্ভাবন প্রক্রিয়াকে গতিশীল রাখতে সরকার-শিল্পখাত-বিশ্ববিদ্যালয়-উন্নয়নমূলক সংস্থার মাঝে সুসম্পর্ক গঠন ও বজায় রাখার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করবে।”

উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, “তরুণদের উদ্ভাবনী সৃজনশীলতাকে একটি কমন প্ল্যাটফরম করে দেওয়ার জন্য এই ইনোভেশন ল্যাবের যাত্রা শুরু হল। উদ্ভাবনী মন যাদের আছে, তাদেরকে পরিচর্যা করা হবে এখানে।”

অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনই অন্যতম প্রধান হাতিয়ার মন্তব্য করে তিনি বলেন, “স্বাস্থ্যখাতের অগ্রগতি, পরিবেশের ভারসাম্য বজায় রাখা কিংবা শিল্পবাণিজ্যে উন্নয়নের গতি তরান্বিত করতে উদ্ভাবন অগ্রগণ্য ভূমিকা পালন করে।”

বিজ্ঞান শিক্ষার্থীদের পাশাপাশি কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসা শিক্ষাসহ সব অনুষদের শিক্ষার্থীদের জন্য এই ইনোভেশন ল্যাব চিন্তাশীলতা ও উদ্ভাবনী জ্ঞান চর্চার স্থান হবে বলে মন্তব্য করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক।