ঢাবির পাঁচ হলে পানি নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে পানি সঙ্কটে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কবি জসীম উদদীন হল, জিয়াউর রহমান হল, মাস্টার দা সূর্যসেন হল ও হাজী মুহাম্মদ মুহসীন হলে শনিবার সারাদিনই ছিল এই সঙ্কট।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জিয়া হলের গভীর নলকূপের ফিল্টার নষ্ট হওয়ায় সৃষ্ট এই সঙ্কট দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, পহেলা বৈশাখে শুরু এই সঙ্কটে পড়ে ‘বাধ্য হয়ে’ নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি পান করে কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জিয়া হলের ছাত্র মুসতাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সারাদিন হলে পানি নাই। এই পানির সঙ্কট মূলত পহেলা বৈশাখ থেকে। সেদিন সকালে পানি ছিল ঘণ্টা খানেক। তারপর আর পাওয়া যায়নি। শুক্রবারও ছিল একই রকম অবস্থা।
“আর আজ সকাল থেকেই পানি নেই। দুপুরে ঢাকা ওয়াসার তিনটি গাড়িতে পানি সরবরাহ করা হয়।”
মুহসীন হলে শুক্রবার বিকাল থেকে পানি নেই বলে জানান কামারুজ্জামান রেজা নামের এক শিক্ষার্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সন্ধ্যার পর পানি সরবরাহ করা হলেও তা ছিল ময়লা, আয়রন ও দুর্গন্ধযুক্ত। এ পানি পান করে বেশ কয়েকজন অসুস্থ হয়েছে।”
পানি সমস্যার কথা স্বীকার করে তা সমাধানে দ্রুত কাজ চলছে বলে জানিয়েছেন মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. নিজামুল হক ভূঁইয়া।
তিনি বলেন, “আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। দ্রুত এই সমস্যার সমাধান হবে। ছাত্রদের দুর্ভোগের কথা মাথায় রেখে আমরা বিষয়টি দ্রুততার সাথে সম্পন্ন করার চেষ্টা করছি।”
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মফিজুর ইসলাম বলেন, জিয়াউর রহমান হলের গভীর নলকূপের ফিল্টার নষ্ট হওয়ায় পার্শ্ববর্তী পাঁচটি হলে পানির সমস্যা দেখা দিয়েছে।
পানি সমস্যা দ্রুত সমাধানে কাজ চলছে বলে জানান তিনি।
