২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক রফিকুল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 07:09 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলমের চার বছরের কার্যকাল শেষ হওয়ায় শুক্রবার তিনি উপ-উপাচার্য রফিকুল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চুয়েট আইন-২০০৩ এর ১০ (১) অনুযায়ী বৃহস্পতিবার উপাচার্য হিসেবে অধ্যাপক জাহাঙ্গীর আলমের কার্যকাল চার বছর পূর্ণ হয়।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় চুয়েট আইনের ১০ (৩) ধারা অনুযায়ী উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক রফিকুল আলম উপাচার্যের দায়িত্ব নিয়েছেন।

নতুন করে কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত অধ্যাপক রফিকুল ইসলাম উপাচার্যের দায়িত্ব পালন করবেন বলে জানান ফজলুর।

১৯৭৯ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে ১৯৮২ সালের ১৯ আগস্ট প্রভাষক হিসেবে তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজে যোগদান করেন রফিকুল আলম।

বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর হওয়ার পর ২০০৯ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি। পরে ২০১৩ সালের ৬ মার্চ উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান।