২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর থেকে ফের মিলবে জাবির বাস

আন্দোলনের মুখে সোমবার থেকে মিরপুর রুটে পুনরায় শিক্ষার্থীদের জন্য বাস চালুর ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 08:08 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

ছাত্র ইউনিয়নের নেতৃত্বে চলমান আন্দোলনের অংশ হিসেবে রোববার পরিবহন অফিস ঘেরাওয়ের এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা ও পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. এমদাদুল হক সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি মানার ঘোষণা দেন। 

মিরপুর রুটে আবারও বাস চালুর দাবিতে সর্বশেষ গত ৬ এপ্রিল ছাত্র ইউনিয়নের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে দেখা করে প্রায় তিন হাজার শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেন।

৯ এপ্রিলের মধ্যে এই রুটে বাস চালু না হলে পরদিন পরিবহন অফিস ঘেরাও করা হবে বলে সেদিন উপাচার্যকে জানান তারা।

দাবি পূরণ না হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী রোববার বেলা ১২টার দিকে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পরিবহন অফিস ঘেরাও করেন।

পরে শিক্ষক-কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ঢাকাগামী দুপুর সোয়া ১টার সব বাস বন্ধ করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এক পর্যায়ে পরিবহন অফিসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এমদাদুল ও প্রক্টর তপন সেখানে গিয়ে ওইসব বাস ছেড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেন। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস আটকে রাখার কথা জানান।

পরে প্রক্টর তপন উপাচার্য ফারজানা ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেনকে বিষয়টি জানালে উপ-উপাচার্য জানান, মিরপুর রুটে বাস চালু করা হবে।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর তপন বলেন, “আমি বিশ্ববিদ্যালয় উপাচার্য ও উপ-উপাচার্যের সাথে এ বিষয়ে কথা বলেছি। উপ-উপাচার্য আগামীকাল থেকে মিরপুর রুটে বাস চালু করা হবে বলে জানিয়েছেন।”

পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক এমদাদুল বলেন, সোমবার থেকে পুনরায় মিরপুর রুটে বাস চলবে। সকাল ৭টায় মিরপুর-১০ নম্বর থেকে ক্যাম্পাস পর্যন্ত এবং বিকাল ৩টায় ক্যাম্পাস থেকে মিরপুর-১০ পর্যন্ত বাস চলবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে দুপুর পৌনে ২টার দিকে সব রুটের বাস ছেড়ে যায়।

এ বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে মিরপুর রুটে বাস চললেও ২০১১ সালে কোনো কারণ ছাড়াই বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তখন থেকেই মিরপুর রুটে বাস চালুর দাবি জানিয়ে আসার কথা জানিয়ে তিনি বলেন, “এতদিনেও আমাদের দাবি না মানায় গত অক্টোবর মাস থেকে গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে আমরা কঠোর অবস্থানে যাই।

“যার পরিণতিতে আজ শিক্ষার্থীদের এ গণদাবি সফলতার মুখ দেখল। দেরিতে হলেও শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।”