২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে এক ছাত্রলীগ নেতাকে হল থেকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কবির রিক্তকে অসদাচারণে অভিযোগে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হাজী মুহাম্মদ মহসীন হল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 11:26 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

মহসীন হলের প্রাধ্যক্ষ নিজামুল হক ভূঁইয়া বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষকদের সঙ্গে অসদাচারণ করার রিক্তকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত রিক্ত চারুকলা অনুষদের মৃৎ শিল্প বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি হলের ৩০৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

প্রাধ্যক্ষ নিজামুল হক বলেন, হলের বহিরাগতদের বের করতে আবাসিক শিক্ষকরা হলের কক্ষে কক্ষে গিয়ে আইডি কার্ড চেক করেন। মঙ্গলবার রাতে আবাসিক শিক্ষক রিক্তর কক্ষে গেলে সে আবাসিক শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে।

“ওই দিন রাতে রিক্তর কাছে আইডি চাইলে সে শিক্ষকদেরকে ‌‘আমি ছাত্রলীগের চারুকলা অনুষদের সাধারণ সম্পাদক’ বলে পরিচয় দেয়। ছাত্রসুলভ আচরণ করেনি।”

এ ঘটনার পর আবাসিক শিক্ষকরা ফোনে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে সেখানে যান বলে জানান প্রাধ্যক্ষ।

“আবাসিক শিক্ষকরা আমাকে ফোন দিলে আমি তার কক্ষে যাই। সে আমার উপস্থিতিতেও খারাপ আচরণ করে এবং শিক্ষকরা রুম থেকে বের হতে চাইলে জোর করে রুমের দরজা বন্ধ দেয়।”

এই অপরাধে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে রিক্তকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তার বিরুদ্ধে একাডেমিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছেন বলে অধ্যাপক নিজামুল হক।

শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ অস্বীকার করে ওবায়দুল কাদের রিক্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষকের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ করিনি।শুধু ভুল ঝোঝাবুঝি হয়েছে।”

তিনি বলেন, ‍“স্যার আমার কাছে কার্ড দেখতে চেয়েছিল। তখন আমি ম্যানিবাগ থেকে লাইব্রেরি কার্ড বের করে দেই।আর বলি- স্যার, আমি ছাত্রলীগের চারুকলা অনুষদের সাধারণ সম্পাদক।

“কার্ড দেখার পরে আমার হলে থাকার বৈধতা নেই বললে স্যারদেরকে আমি নিয়মিত ছাত্র এবং মাস্টার্সে পড়ি বলে জানাই। পরীক্ষা চলার কারণে হলের কার্ড রি-নিউ করে পারিনি।”

এরপর এক আবাসিক শিক্ষক ‘তোমাকে দেখে মনে হচ্ছে না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র’ মন্তব্য করেন বলে দাবি রিক্তর।

“আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি কি প্রুফ চান? তখন আমি প্রক্টর স্যারকে ফোন দেই… আপনি একটু বলে দেন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র,” বলেন এই ছাত্রলীগ নেতা।

রিক্ত দাবি , “এসময় হলের প্রভোস্ট স্যার এলে ওই স্যার বলেন (প্রভোস্টকে উদ্দেশ করে) যে, আপনি হলের প্রভোস্ট থাকতে সে প্রক্টরকে ফোন দেয়।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্যারদেরকে কাছে রিক্তকে বহিষ্কারের আদেশ পুর্নবিবেচনার অনুরোধ জানিয়েছি।