ঢাবিতে পুলিশ ভবন নির্মাণের প্রতিবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের
শতবর্ষী গাছ কেটে পরিবেশ ধ্বংশ করে পুলিশের জন্য বহুতল ভবন নির্মাণের প্রতিবাদ এবং ক্যাম্পাস থেকে সব পুলিশ ফাঁড়ি প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এই মানববন্ধনে প্রায় তিন শতাধিক কর্মকর্তা অংশ নেন।
এতে অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবর, সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন, ভারপ্রাপ্ত এস্টেট অফিসার সুপ্রিয়া দাস, এবং কর্মকর্তা গোলাম রব্বানীসহ অন্যরা বক্তব্য দেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্য্য কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা।
অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবর বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় আশি হাজার মানুষের জন্য এমনিতেই জায়গার সঙ্কুলান হচ্ছে না। পর্যাপ্ত জায়গার অভাবে বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু থমকে আছে।এর মধ্যেই ক্যাম্পাসে পুলিশের জন্য এমন বহুতল ভবন নির্মাণ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার কখনোই মেনে নেবে না।”
একইসাথে অবিলম্বে ভবন নির্মাণ বন্ধ করা না হলে অতীতের মতো বিশ্ববিদ্যালয় পরিবার কঠোর কর্মসূচি ঘোষণা করে জোরদার আন্দোলনে নামতে বাধ্য হবে হুশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের এই অফিসার্স নেতা।
এসময় সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তিনি।
