২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কালরাতের গণহত্যায় জগন্নাথ হলের শহীদদের স্মরণ ঢাবিতে

একাত্তরের পঁচিশে মার্চের কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গণহত্যায় শহীদদের স্মরণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও শহীদ পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 01:29 AM

Updated : 11 Oct 2022, 08:00 PM

শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে জগন্নাথ হলের সব লাইট বন্ধ করে হলের শহীদ সমাধিতে মোমবাতি ও মশাল জ্বালিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ অম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক জহরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকারসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী এবং হল পরিবারের সদস্যসহ সমাজের সব স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে রাত ১১ টার দিকে জগন্নাথ হলের উপাসনালয়ে কালরাত স্মরণে এক আলোচনায় উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, বাঙালি জাতির জন্য ২৫ ও ২৬ মার্চ অত্যন্ত গুরুত্বপূণ দিন। ২৬ মার্চে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।

“২৫ মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাক বাহিনী গণহত্যার সূচনা করেছিল, সেই গণহত্যা নয় মাসব্যাপী তারা চালিয়েছে। এই মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ”

মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গ করা শহীদদের ইতিহাস জানার তাগিদ দিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে উপাচার্য বলেন, “একাত্তরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি বীভৎস গণহত্যা চালিয়েছিল পাক-হানাদার বাহিনী। সেই হত্যাযজ্ঞে আত্মদান করা দেশের বীর সন্তানদের ইতিহাস আমাদের দেশকে আরও বেশি ভালোবাসতে শেখাবে।”

এর আগে সকাল ১০টায় মুক্তিযুদ্ধে গণহত্যার উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্কুলে শির্ক্ষাথীরা অংশ নেয়। এর পরে সন্ধ্যায় শহীদ স্ম^রণে স্থাপনা শিল্পের প্রদর্শন এবং রাত ৮টায় দেশাত্ববোধক গান ও কবিতা আবৃত্তির পরিবেশনা হয়।

রাত ৯ টার দিকে জগন্নাথ হলে সংঘটিত গণহত্যার উপর নির্মিত নাটক ‘কালরাত্রি’ মঞ্চায়িত হয়।

এছাড়া সন্ধ্যায় জগন্নাথে হলের একাত্তরের শহীদ সমাধিতে মোমবাতি প্রজ্বলন করে বাংলাদেশ ছাত্রলীগ।