২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ছাত্রীকে ‘যৌন হয়রানি’, বহিষ্কার ৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের এক ছাত্রীকে ‘যৌন হয়রানির’ অভিযোগ পাওয়া গেছে; এই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 11:01 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

স্থায়ীভাবে বহিষ্কারের জন্য অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রক্টর অধ্যাপক নূর মোহাম্মদ।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের সামনে ‘যৌন হয়রানি’র এ ঘটনা ঘটে বলে প্রক্টরের কাছে অভিযোগ করেন ওই ছাত্রী।

প্রক্টর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় দুপুরে তার কার্যালয়ে দুইপক্ষের বক্তব্য শেষে চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কার চারজনের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র আতিকুর রহমান প্লাবন, একই বিভাগ ও ব্যাচের ছাত্রী শীতল ও সাদিয়ার নাম নিশ্চিত করতে পারলেও চতুর্থ জনের নাম জানাতে পারেননি প্রক্টর।

সোমবার হয়রানির শিকার হওয়া ওই ছাত্রী একটি বেসরকারি রেডিও স্টেশনে সাংবাদিক হিসেবেও কর্মরত রয়েছেন।

এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের বাসে আসন নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী শীতল তার বন্ধু প্লাবন ও অন্যদের দিয়ে তাকে ‘যৌন হয়রানি’ করান বলে ঘটনার পরপর অভিযোগ করেন তিনি।

ওই ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর গত মাসে প্রথম বিশ্ববিদ্যালয়ের পরিবহন বাসে ওঠি। ওইদিন কুড়িল বিশ্বরোড থেকে উল্কা-১ বাসে ওঠে বসার পর ব্যবস্থাপনা বিভাগের বড় আপু শীতল আমাকে আসন পরিবর্তন করতে বলে।

“ওই আসনটি তিন বছর ধরে তার জন্য নির্ধারিত দাবি করে আমার সাথে তর্কে জড়িয়ে আমাকে ওই আসন থেকে উঠে যেতে বাধ্য করে।”

বাস কমিটির নাম ভাঙ্গিয়ে ও ছাত্র সংগঠনগুলোর প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে আসন দখল করার অভিযোগ বেশ পুরনো। বাসের কর্তৃত্ব নিয়ে একাধিক ঘটনার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বিশেষ প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল।

অভিযোগকারী ছাত্রী আরও বলেন, “এক মাস আগের ওই ঘটনার পর আমি আর বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠিনা। আজ দ্বিতীয়দিন বাসে ওঠার পরই শীতল তার বন্ধু প্লাবনকে আমার আসার বিষয়টি ফোন করে জানায়।

“ক্যাম্পাসে বাস পৌঁছার পর অন্য একটি মেয়েকে দিয়ে শীতল আমাকে ডাকে। আমি তখন তাকে এড়িয়ে যাই। পরে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের সামনে শীতলের বন্ধু প্লাবন আমার ওড়না টেনে ধরে। একইসাথে তার বান্ধবী সাদিয়া আমাকে থাপ্পড় মারতে থাকে। এছাড়া শীতল আমাকে দুই হাতে ধরে রাখে। সাদিয়ার আরেক বন্ধুও এসময় আমাকে মারধর করে।”

এ ঘটনায় দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে বিচার শুরু হয়। এসময় জানা যায়, অভিযুক্ত চার শিক্ষার্থীই ব্যবস্থাপনা বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।

বিচার শেষে প্রক্টর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের অপরাধের কোনো মাফ নেই। চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এখন হাইকোর্টের নির্দেশে গঠিত যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের কাছে বিষয়টি পাঠানো হবে। তারপর তদন্ত করে ওদের স্থায়ী বহিষ্কার করা হবে।”