২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেশিদিন চলবে না শর্তপূরণ না করা বেসরকারি বিশ্ববিদ্যালয়: মন্ত্রী

কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারের বেঁধে দেওয়া ন্যূনতম শর্ত পূরণ করেনি জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসব বিশ্ববিদ্যালয় এভাবে আর বেশিদিন চলতে পারবেনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 05:21 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেঁধে দেওয়া মানদণ্ড পূরণ করতে না পারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে অচিরেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তনে আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ বলেন, “জ্ঞান চর্চা, গবেষণা ও বিভিন্ন উপায়ে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। শিক্ষার পরিবেশের মান বৃদ্ধিতে প্রচেষ্টা চালাতে হবে। শিক্ষার্থীদের মাঝে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি সৃষ্টি, যুগোপযোগী মানব সম্পদে পরিণত করতে হবে। তবেই প্রতিষ্ঠান হিসাবে বিশ্ববিদ্যালয় স্বার্থক হবে।

“কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও ইউজিসি ও সরকারের বেঁধে দেওয়া ন্যূনতম শর্তগুলো পূরণ করতে পারেনি। তারা এভাবে আর বেশিদিন চলতে পারবেনা। সঠিকভাবে বিধি মোতাবেক চলতে না পারলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

নতুন সনদ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “জ্ঞান ও মেধার প্রয়োগে কর্মজীবনকে সমৃদ্ধ করতে হবে। অর্জিত জ্ঞান যেন সমাজের কম আলোকিত মানুষের কল্যাণে আসে সেলক্ষ্যে জীবনকে পরিচালিত করতে হবে।

“বর্তমান বিশ্ব সদা পরিবর্তনশীল, শিক্ষা তখনই শক্তি যখন তা প্রয়োগ করা হয় পরিবর্তনের কাজে। উচ্চ শিক্ষা যেন আনুষ্ঠানিক জ্ঞানে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে।”

এবারের সমাবর্তন বক্তা ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরিবর্তনের সমারোহে পরিপূর্ণ পৃথিবীর সঙ্গে তোমাদের মানিয়ে চলতে হবে। চেষ্টা, অধ্যাবসায়ের মাধ্যমে শিক্ষা জীবনে যেমনি সাফল্য পেয়েছ- কর্মজীবনে তার প্রয়োগ ঘটাতে হবে।”

বক্তব্যে ‘অনিয়মে চলা’ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সমালোচনা করেন ইউজিসি চেয়ার‌ম্যান।

তিনি বলেন, “সভ্যতার মানদণ্ডের অন্যতম নির্ণায়ক জ্ঞান ও শিক্ষা। নতুন জ্ঞান সৃষ্টি, ধারণ ও বিতরণ বিশ্ববিদ্যালয়ের মূল কাজ। কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় তা না করে শিক্ষা বাণিজ্য করছে; ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়মিত প্রতারণা করছে।”

এসব বিশ্ববিদ্যালয় ‘দোকানের মতো ক্যাম্পাস বসিয়ে সনদ বিক্রি করছে’ মন্তব্য করে অধ্যাপক মান্নান আরও বলেন, “উচ্চ শিক্ষাকে দেশে ও দেশের বাইরে প্রশ্নবিদ্ধ করছে তারা। এটি শুধু অনৈতিক নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর বিরোধী।”

শিগগির এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান ইউজিসি চেয়ারম্যান।

গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর গোলাম সামদানি ফকির, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনও সমাবর্তনে বক্তব্য রাখেন।

ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজন করা এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ২০১২ থেকে ২০১৫ সেশনের বিভিন্ন ব্যাচ ও বিভাগের ১৫৩৬ জন শিক্ষার্থীকে সনদ দেওয়ার জন্য নির্বাচিত করা হয়, যাদের মধ্যে ৭১৩ জন সমাবর্তনে অংশ নেয়।

এতে শিক্ষা জীবনে কৃতিত্বপূর্ণ ফলের জন্য ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহানাজ আক্তার, সমাজ বিজ্ঞান বিভাগের ডালিয়া সুলতানা, ব্যবসায় প্রশাসন বিভাগের এএসএম ফারহান ও আইন বিভাগের অরূপ রতন সাহাকে চ্যান্সেলর গোল্ড মেডেল পরিয়ে শিক্ষামন্ত্রী।

২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ২০১১ সালে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নেয় ইউএস-বাংলা গ্রুপ।

ঢাকার পূর্বাচলে ৫০ একর জমির ওপর বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ ৩০ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।