ঢাবির ডিনস অ্যাওয়ার্ড পেল ৯০ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বিভিন্ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তরে কৃতিত্বপূর্ণ ফলের জন্য ৯০ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক কৃতি শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ২০১৩ ও ২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় ভালো ফলের জন্য তাদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন বক্তব্য রাখেন।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, “মানবিক শিক্ষা ছাড়া নিজেদের গড়ে তোলা যাবে না । সমাজের শান্তির জন্য প্রয়োজন মানবিক বোধের, মনুষ্যত্বের চর্চার।”
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা মানবিকতা জাগরণে সারা বিশ্বকে অনুপ্রেরণা যোগবে বলেও আশা রাখেন উপাচার্য।
ইমেরিটাস অধ্যাপক এ এফ সিরাজুল চৌধুরী বলেন, “সারা বিশ্বে পুঁজিবাদের পরাজয় ঘটেছে এবং জাতীয়তাবাদ বিজয়ী হয়েছে। আমরা মানবচর্চাকে গুরুত্ব দিতে ব্যর্থ হচ্ছি।এর ফলে মানবিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।”
